
পুরুষ সবাই ‘খারাপ’, আর সব নারীই ‘নির্যাতিত’—এমন ধারণার প্রচলন আছে অস্টে৶লিয়ায়। গত বছর গবেষণামূলক এক অনুসন্ধানেও এমন মনোভাব উঠে আসে। হয়তো সে কারণেই দেশটির ভিক্টোরিয়া রাজ্যে এবার ‘শ্রদ্ধাশীল সম্পর্ক’ নিয়ে নতুন পাঠ্যক্রম চালু করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
ভিক্টোরিয়ার স্কুল-কলেজে আগামী বছর থেকে ওই পাঠ বাধ্যতামূলক হবে। নারী-পুরুষ ভেদাভেদ নিয়ে চিরাচরিত ধারণা ভেঙে দিয়ে পারিবারিক নির্যাতনের মূল কারণগুলো মোকাবিলা করাই এ উদ্যোগের লক্ষ্য। এতে ছাত্রছাত্রীরা শিখবে সামাজিক অসাম্য, লিঙ্গভিত্তিক সহিংসতা আর পুরুষ হওয়ার নানা সুবিধাজনক দিক সম্পর্কে। আরও জানবে মজুরি বৈষম্য, রাগ নিয়ন্ত্রণ, যৌন বিষয়ে পরিচিতি এবং পর্নোগ্রাফির বিপজ্জনক সব দিক। এ পাঠ্যক্রম চালু করতে সরকারের খরচ পড়বে ১ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার।
ছেলে ও মেয়েরা একই রকমের ঘরোয়া কাজকর্ম করছে, খেলাধুলা করছে এবং কখনো পালন করছে দমকলবাহিনীর কর্মী ও অভ্যর্থনাকারীর দায়িত্ব—এমন সব ছবি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দেখবে। শিক্ষা উপকরণে আরও থাকবে কিছু বিবৃতি বা লেখা, যেমন ‘মেয়েরা ফুটবল খেলতে পারে, হতে পারে ডাক্তার, আর তারাও শক্তিশালী।’ আবার এটাও থাকবে, ‘ছেলেরা আঘাত পেলে কাঁদতে পারে, তারা ভদ্র হতে পারে, নার্সের ভূমিকা নিতে পারে এবং শিশুদের মন বোঝে।’
সপ্তম ও অষ্টম শ্রেণীর পাঠ্যক্রমে একটি নির্দেশনা আছে এ রকম: ‘পুরুষ হয়ে জন্মানোর কিছু বিশেষ সুবিধা আছে—যেমন বাইরে যাওয়ার সুযোগ বেশি—এটা সে ব্যক্তিগতভাবে সমর্থন করুক অথবা নিজেকে এই সুবিধার অধিকারী মনে করুক আর নাই করুক।’ ‘লিঙ্গ, বর্ণ বা আর্থসামাজিক শ্রেণিভিত্তিক’ এই সুবিধা ‘স্বয়ংক্রিয়’ এবং এতে ‘প্রভাবশালী গোষ্ঠীগুলো একধরনের অনুপার্জিত সুফল’ পায়। একাদশ ও দ্বাদশ বর্ষের ছাত্রছাত্রীরা পড়বে নারীর ওপর ‘পুরুষের আধিপত্যের’ মতো বিষয়।
সমালোচকদের কেউ কেউ বলছেন, পারিবারিক নির্যাতন থেকে নারীর সুরক্ষার জন্য এই পাঠ্যক্রম অপর্যাপ্ত। তবে ভিক্টোরিয়ার শিক্ষামন্ত্রী জেমস মারলিনো আশা করেন, শিক্ষাই পারে পারিবারিক নির্যাতনের ‘বাজে চক্র’ ভেঙে দিতে। সবাইকে কীভাবে সম্মান ও মর্যাদা দেখাতে হয়, সেটা শিশুদের শেখাতে হবে। সমাজে সাংস্কৃতিক পরিবর্তনের মধ্য দিয়েই পারিবারিক সহিংসতার অবসান ঘটানো সম্ভব।