মেয়েরা শিক্ষিত হলে দেশ এগিয়ে যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের সোনার বাংলা গড়বে। পড়াশোনা করে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। গতকাল শুক্রবার দুপুরে ফেনীর দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজের হাজি সফি উল্যাহ মিলনায়তনে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মিলনায়তনে প্রায় ৪০০ শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতিতে বক্তব্য দেন মজীনা। শিক্ষার্থীদের মধ্যে মেয়ের সংখ্যা বেশি ছিল। মজীনা শিক্ষার্থীদের জিজ্ঞেস করেন, ‘দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে কে কে প্রস্তুত আছ, হাত তুলে দেখাও।’ তখন শিক্ষার্থীদের সবাই হাত তোলে। এতে অভিভূত হয়ে মজীনা বলেন, ‘তোমাদের এই হাতগুলো অনেক গুরুত্বপূর্ণ।’ মেয়েদের দেখিয়ে তিনি বলেন, মেয়েরা শিক্ষিত হলে দেশ এগিয়ে যায়।
গতকাল ছিল ফেনী সফরের মধ্য দিয়ে এ দেশের ৬৪ জেলা সফরে তাঁর লক্ষ্যমাত্রা পূরণের দিন। তিনি বলেন, ‘এ দেশের মানুষ পরিশ্রমী, উদার ও বন্ধুত্বপূর্ণ। দায়িত্ব পালনকালে বাংলাদেশে আমার ভালো সময় কেটেছে। আমি বাংলাদেশের ৬৪টি জেলা ঘুরে মানুষের মনের ভাষা বুঝতে চেষ্টা করেছি।’
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মজীনার স্ত্রী গ্রিস মজীনা, ইউএসএইড মিশনের পরিচালক জেনিনা জেরুজালেস্কি।
কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মহিউদ্দিন বাবুলের সঞ্চালনায় বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টু, শিক্ষার্থী নুসরাত জাহান।