মেয়েরা ১০ গোল দেয়, ছেলেরাও পারবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার সকালে ২০১০, ২০১১ ও ২০১২ সালের বিজয়ীদের মধ্যে জাতীয় ক্রীড়া পুরস্কার বিতরণ করেছেন। দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শহীদ শেখ কামাল, সাবেক ফুটবল তারকা আশীষ ভদ্র, খুরশিদ আলম এবং ক্রিকেটার সাকিব আল হাসানসহ মোট ৩২ জন ক্রীড়া ব্যক্তিত্বকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের ক্রীড়াবিদদের প্রশংসা করেন। এএফপি অনূর্ধ্ব ১৬ ফুটবলে মেয়েরা চূড়ান্তপর্বে ওঠায় আনন্দ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, ‘মেয়েরা ১০ গোল দেয়, ছেলেরা ৫ গোল খেয়ে আসে। তবে তার মানে এই নয় যে ছেলেরা পারবে না। তারা ভবিষ্যতে পারবে।’
বাসস জানিয়েছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের উদ্যোগে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই পদক প্রদান করেন। পুরস্কার হিসেবে বিজয়ীদের ২৫ হাজার টাকার চেক ও সোনার পদক দেওয়া হয়।
ক্রিকেটে বাংলাদেশের অর্জনের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘রয়েল বেঙ্গল টাইগার হিসেবেই বাংলাদেশের ক্রিকেটাররা আত্মপ্রকাশ করেছে। পৃথিবীর সব দেশ রয়েল বেঙ্গল টাইগারকে এখন হিসাব করে চলে। আমরা বিশ্বকাপ জিতব। সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, মুস্তাফিজ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে বিরাট সম্মান এনে দিয়েছে।’ তিনি সবাইকে অভিনন্দন জানান।

ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আকতার উদ্দিন আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

দেশের স্বাধীনতা-উত্তর ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আবাহনী ক্রীড়া চক্র লিমিটেডের প্রতিষ্ঠাতা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালকে ২০১১ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য (মরণোত্তর) মনোনীত হন।

শেখ কামাল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের বেশির ভাগ সদস্যের সঙ্গে মৃত্যুবরণ করেন। দেশের জনপ্রিয় ক্লাব আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা শেখ কামাল আজাদ বয়েজ ক্লাবের হয়ে প্রথম বিভাগে ক্রিকেট খেলেছেন। তিনি অ্যাথলেট ছিলেন, বাস্কেটবলেও খেলেছেন প্রথম বিভাগে।

দেশের বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্বদের সম্মানিত করতে ১৯৭৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার চালু করা হয়। এ পর্যন্ত মোট ১৮৮ জন ক্রীড়াব্যক্তিত্ব এই পুরস্কার পেয়েছেন। তাঁদের মধ্যে আছেন ১৯ জন ক্রিকেটার। সাকিবের আগে আইসিসি ট্রফি বিজয়ী অধিনায়ক আকরাম খান ১৯৯৮ সালে এই পুরস্কার পান। ২০০৬ সালে একদিনের ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয়ের নায়ক মোহাম্মদ রফিককে ভূষিত করা হয় এই পুরস্কারে।

২০১০ সালের জাতীয় ক্রীড়া পদক বিজয়ী ১০ ক্রীড়াবিদ হলেন মাস্টার অফিসার মো. হারুন-উর-রশীদ (সাঁতার), ১৯৯০ সালে কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান (শুটিং), মাহমুদা বেগম ও নেলি জেসমিন (অ্যাথলেটিকস), দেওয়ান মো. নজরুল হোসেন (জিমন্যাস্টিকস), মো. মিজানুর রহমান মানু (সংগঠক), এ এস এম আলী কবির (সংগঠক), মো. তকবির হোসেন (সাঁতার, মরণোত্তর), ফরিদ খান চৌধুরী (অ্যাথলেটিকস), এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্রীড়ায় বিশেষ সাফল্যের জন্য বেগম নিপা বোস (অ্যাথলেটিকস)।

২০১১ সালের পদক বিজয়ী ১০ ক্রীড়াবিদ হচ্ছেন বেগম রওশন আরা ছবি (জিমন্যাস্টিকস), সার্জেন্ট মো. কাঞ্চন আলী অবসরপ্রাপ্ত (বক্সিং), মো. আশরাফ আলী (রেসলিং), বেগম হেলেনা খান ইভা (ভলিবল), জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট (ক্রিকেট), মো. রবিউল ইসলাম (ফটিক দত্ত) (শরীরগঠন), জুম্মন লুসাই (হকি, মরণোত্তর), কুতুবউদ্দিন মোহাম্মদ আকসির (সংগঠক), আশিকুর রহমান মিকু (সংগঠক) এবং শহীদ শেখ কামাল (ক্রীড়াবিদ এবং সংগঠক, মরণোত্তর)।

২০১২ সালের পদক বিজয়ী ১২ ক্রীড়াবিদ হচ্ছেন সাকিব আল হাসান (ক্রিকেট), মো. মহসিন (ফুটবল), খুরশীদ আলম বাবুল (ফুটবল), আশীষ ভদ্র (ফুটবল), মো. আব্দুল গাফ্ফার (ফুটবল), সত্যজিৎ দাস রুপু (ফুটবল), ফিরোজা খাতুন (অ্যাথলেটিকস), নাজিয়া আখতার জুথি (ব্যাডমিন্টন), আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল (সংগঠক), মামুনুর রশিদ (হকি), উন্মে সালমা রফিক (সংগঠক, মরণোত্তর) এবং নুরুল আলম চৌধুরী (সংগঠক)।

বিজয়ীরা সবাই প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক নেন। আর মরণোত্তর পুরস্কারপ্রাপ্তদের পক্ষে তাঁদের পরিবারের সদস্য এবং নিকটজনেরা পুরস্কার নেন। তাঁদের মধ্যে সাঁতারু প্রয়াত মো. রতন কবির হোসেনের পক্ষে ছেলে মোশাররফ হোসেন, প্রয়াত হকি তারকা জুম্মন লুসাইয়ের পক্ষে তাঁর ছোট ভাই জুবেল লুসাই, বন্ধু ও ঢাকা ক্লাবের সভাপতি শাহেদ রেজা শহীদ শেখ কামালের পক্ষে পুরস্কার গ্রহণ করেন। প্রয়াত উন্মে সালমা রফিকের পক্ষে কন্যা গাজী সারাহ মেহনাজ প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আকতার উদ্দিন আহমেদ পদক বিতরণ পর্বটি পরিচালনা করেন।