মেয়েেক না বোঝায়
ভোলার দৌলতখান থেকে মাস খানেক আগে নিখোঁজ হওয়া পঞ্চম শ্রেণি পড়ুয়া মিম নামের এক শিশুকে বরিশালের চাঁদমারী থেকে উদ্ধার করা হয়েছে। পরে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ শিশুটিকে গত শুক্রবার পরিবারের কাছে হস্তান্তর করে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, মিম উপজেলার খায়েরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। সেখান থেকে চলতি বছরের জানুয়ারি তাকে স্থানীয় হালিমা খাতুন দাখিল মাদ্রাসায় নিয়ে ভর্তি করানো হয়। দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের খায়েরহাট রাস্তার মাথার ব্যাপারী বাড়ির হোসেন ব্যাপারীর মেয়ে মিম। তার বাবা ওমানপ্রবাসী।
মিমের ভাষ্য, মা তাকে জোর করে মাদ্রাসায় ভর্তি করান। স্কুল থেকে সেখানে গিয়ে আরবিসহ অনেক নতুন বিষয় তাকে পড়তে হচ্ছিল। সেগুলো না পারায় বাড়িতে মা আর মাদ্রাসায় শিক্ষকেরা তাকে মারধর, গালিগালাজ করতেন। তাই গত ১৯ অক্টোবর বাড়ি ছেড়ে পালায় সে। লঞ্চে উঠে চলে আসে বরিশালে। সেখানে বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের বাসায় কাজ নেয়। ১৫ থেকে ১৬ দিন আগে সেখান থেকেও মেয়েটি পালায় বলে স্বেচ্ছাসেবক লীগ নেতা জানান।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির রুরাল আরবান চাইল্ড মাইগ্রেশন-লিংক প্রকল্পের এলাকা সমন্বয়কারী (এরিয়া কো-অর্ডিনেটর) মাসুক কামাল বলেন, মিমকে গত বুধবার বরিশালের চাঁদমারী এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করা অবস্থায় উদ্ধার করা হয়। গত শুক্রবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে তার মা আমেনা বেগম ও দৌলতখান জয়নগর ইউনিয়ন পরিষদের সদস্য জাফর হোসেনের কাছে তাকে হস্তান্তর করা হয়। সমন্বয়কারী আরও বলেন, এভাবে অনেক শিশুই একসময় হাত ঘুরে বিদেশে পাচার হয়ে যায়।
মিমের মা বলেন, তিনি অন্যদের কথা শুনে মেয়ের মন না বুঝে ওকে মাদ্রাসায় পড়তে বাধ্য করেছেন। এতে মেয়েটা যে এত কষ্ট পাবে, তিনি বোঝেননি। ভবিষ্যতে তিনি আর এ ভুল করবেন না।
ভোলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইয়্যাদুজ্জামান বলেন, বাড়ি-বিদ্যালয় সব জায়গায় আদর দিয়ে, স্নেহ দিয়ে শিশুর মন বুঝে তাকে শেখাতে হবে। তাদের ওপর কোনো নির্যাতন চলবে না। মাদ্রাসার সম্পূর্ণ নতুন পরিবেশে ভর্তি করিয়ে মিমের ওপর এভাবে চাপ সৃষ্টি করা একদমই উচিত হয়নি অভিভাবকদের।