ঢাকা-কলকাতা পথের মৈত্রী এক্সপ্রেস ট্রেন এখন সপ্তাহে চার দিন যাতায়াত করছে। ঢাকা থেকে গতকাল শনিবার এই ব্যবস্থা চালু হয়েছে। আর কলকাতা থেকে চালু হয়েছে গত শুক্রবার। এ ছাড়া জানুয়ারিতে খুলনা-কলকাতা পথে আরেকটি ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এত দিন ঢাকার সেনানিবাস রেলস্টেশন থেকে শুক্র, রবি ও বুধবার মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলত। গতকাল রেলমন্ত্রী মুজিবুল হক শনিবারের যাত্রা উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে যাত্রী গেছেন ৭৭ জন। পুরো ট্রেনে আসন রয়েছে ৪৩৯টি।
রেলওয়ে সূত্র জানায়, এই সেবা অল্প সময়ের সিদ্ধান্তে চালু করা হয়েছে। ফলে টিকিট বিক্রির সময় পাওয়া গেছে মাত্র চার দিন। বর্তমানে অন্যদিনের যাত্রায় গড়ে ৯০ শতাংশ আসন পূরণ করে মৈত্রী ট্রেন চলছে।
অপর দিকে এত দিন কলকাতা থেকে শনি, সোম ও মঙ্গলবার মৈত্রী ট্রেন চলাচল করত। গত শুক্রবার সে দেশের সরকার আরেকটি যাত্রা বৃদ্ধি করেছে। প্রথম দিনে যাত্রী এসেছেন ২১১ জন। মৈত্রী এক্সপ্রেস বাংলাদেশের দর্শনা ও ভারতের গেদে বর্ডার হয়ে চলাচল করে। এই পথের দূরত্ব ৩৯৬ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশ অংশে পড়েছে ২৭৬ কিলোমিটার আর ভারতের অংশে ১২০ কিলোমিটার। আয়ের ৭৫ শতাংশ পায় বাংলাদেশ আর ২৫ শতাংশ পায় ভারত।
জানতে চাইলে রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক আরিফুজ্জামান প্রথম আলোকে বলেন, যাত্রী চাহিদার কথা বিবেচনা করে এই যাত্রা বাড়ানো হয়েছে। আগে ঢাকা থেকে তিন দিন ট্রেন যেত। এখন যাচ্ছে চার দিন করে। একইভাবে কলকাতা থেকে আগে তিন দিন চলত। এখন চলছে চার দিন করে। অর্থাৎ, বৃহস্পতিবার বাদে সব দিনই কোনো না কোনো গন্তব্য থেকে মৈত্রী ট্রেন পাওয়া যাবে।
মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয়েছিল ২০০৮ সালে। প্রথমে দুই দেশের দুটি ট্রেন সপ্তাহে এক দিন যাত্রী নিয়ে যেত এবং ফিরে আসত। ঢাকার প্রান্তে ট্রেনটি ছাড়ে সেনানিবাস স্টেশন থেকে সকাল ৮টা ১০ মিনিটে। কলকাতা থেকে ছাড়ে ৭টা ১০ মিনিটে। নতুন যাত্রাও একই সময় মেনে চলছে।
রেলওয়ে সূত্র জানায়, আগামী জানুয়ারি থেকে খুলনা ও কলকাতার মধ্যে আরেকটি ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে। ওই ট্রেন বেনাপোল হয়ে চলাচল করবে। খুলনা থেকে বেনাপোলের দূরত্ব ৯১ কিলোমিটার। ওপারে কলকাতা পর্যন্ত আরও প্রায় ৮৪ কিলোমিটার। সব মিলিয়ে দূরত্ব ১৭৫ কিলোমিটার। এই পথে বর্তমানে মালবাহী ট্রেন চলাচল করে।