মৈত্রী এক্সপ্রেস ট্রেনের নাম ইন্দিরা-মুজিব এক্সপ্রেস করার দাবি
ঢাকা-কলকাতায় চলাচলকারী যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেসের নাম ইন্দিরা-মুজিব এক্সপ্রেস করার দাবি জানিয়েছে ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি। একই সঙ্গে ট্রেনটির যাত্রীসংখ্যা বাড়াতে যাত্রাপথ আজমির শরিফ এবং আগরতলা পর্যন্ত বাড়ানো ও বাংলাদেশের দর্শনা এবং পশ্চিমবঙ্গের গেদে স্টেশন থেকে যাত্রী তোলার দাবি করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের প্রাক্কালে সমিতি এই দাবি জানিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যেই প্রস্তাবগুলো পাঠানো হয়েছে। তাছাড়া এই ট্রেনের পাশাপাশি রবীন্দ্র-নজরুলের নামে একটি আন্তর্জাতিক সড়ক চালুরও দাবি জানিয়েছে ভারত-বাংলাদেশ মৈত্রী সমিতি।সম্প্রতি পেট্রাপোল সীমান্তে সমন্বিত আধুনিক শুল্ক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। এ সময় তিনি বলেছিলেন, ‘আমার স্বপ্ন ছিল ঢাকা থেকে আজমির শরিফ পর্যন্ত ট্রেন যোগাযোগ চালু করার। আশা করি, সেই স্বপ্ন দ্রুত বাস্তবায়িত হবে। এতে করে দুই বাংলার সম্পর্ক আরও গভীর হবে।’প্রসঙ্গত, গেদে-শিয়ালদহ ভারতের একটি প্রাচীনতম রেললাইন। ১৮৬২ সালে এই পথে ট্রেন চলাচল শুরু করে। এই পথের ট্রেনে চলেছেন মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাসচন্দ্র বসু, কাজী নজরুল ইসলামসহ অবিভক্ত ভারতের বহু প্রখ্যাত মনীষী। ভারত স্বাধীন হওয়ার পর এই পথটি বন্ধ হয়ে যায়। এরপর ২০০১ সালে আবার এ পথে ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ চালু হয়।