বাংলাদেশের ক্ষেত্রে ভারতীয় শাসকশ্রেণীর সম্প্রসারণবাদী মনোভাব অত্যন্ত প্রকট। এ কারণেই বাংলাদেশ অভিন্ন নদীগুলো থেকে পানির ন্যায্য হিস্যা পাচ্ছে না। ভারতের নকশালবাড়ী কৃষক বিদ্রোহের নেতা সন্তোষ রানা এ কথা বলেছেন।গতকাল শুক্রবার ‘ড. আহমদ শরীফ স্মারক বক্তৃতা’ অনুষ্ঠানে সন্তোষ রানা এসব কথা বলেন। অধ্যাপক আহমদ শরীফের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সেমিনার কক্ষে স্বদেশ চিন্তা সংঘ এই বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করে।স্মারক বক্তৃতায় সন্তোষ রানা বলেন, গঙ্গা-ব্রহ্মপুত্র, তিস্তা-বরাক-সুরমা প্রভৃতি নদী প্রাকৃতিক নিয়মে ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে। আন্তর্জাতিক রীতি অনুযায়ী ভারত একতরফাভাবে এসব নদীর পানি আটকে দিতে পারে না। কিন্তু ভারত তা-ই করছে এবং বাংলাদেশকে তাদের প্রাপ্য পানি দিতে অস্বীকৃতি জানাচ্ছে।সন্তোষ রানা বলেন, ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ। তাই মৈত্রী ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলার জন্য ভারতেরই উদ্যোগী হওয়া উচিত ছিল। কিন্তু ভারতীয় শাসকশ্রেণী সে উদ্যোগ নেয়নি, বরং সম্প্রসারণবাদী মনোভাব নিয়েছে। এতে প্রতিবেশী দেশগুলোর মধ্যে অবিশ্বাস ও সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে।অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বক্তৃতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনীতিক-কলাম লেখক বদরুদ্দীন উমর। অনুষ্ঠানে বিপ্লবী রাজনৈতিক চেতনা ধারণ করা, মার্ক্সবাদী দর্শনের প্রতি আস্থা এবং উন্নততর নৈতিক বোধের কারণে জসীমউদ্দিন মণ্ডল ও কাজী কামরুজ্জামানকে ‘ড. আহমদ শরীফ স্মারক পুরস্কার’ দেওয়া হয়।অনুষ্ঠানে বদরুদ্দীন উমর বলেন, দেশে প্রকৃত লেখকের সংকট রয়েছে। রয়েছে গভীর চিন্তার মানুষের অভাব। বুদ্ধিজীবীরা যেখানে ধান্দাবাজি আর মতলববাজিতেই বেশি ব্যস্ত, সেখানে আহমদ শরীফ ছিলেন ব্যতিক্রম।বিশ্বব্যাপী সমাজতন্ত্রের পক্ষে ধ্বনি উচ্চারিত হচ্ছে উল্লেখ করে বদরুদ্দীন উমর বলেন, ঐতিহাসিকভাবে সমাজতন্ত্রই মানুষের নিয়তি। পুঁজিবাদের মধ্যকার দ্বন্দ্বের সমাধান একমাত্র সমাজতন্ত্রেই সম্ভব।জসীমউদ্দিন মণ্ডল বলেন, ‘১৮ টন কয়লা পুড়িয়ে ৬০ গাড়ি চিনি কলকাতা থেকে শিলিগুড়িতে নিয়ে গিয়েছিলাম। কিন্তু বাসায় এসে রুটির সঙ্গে চিনি বা গুড় কিছুই পাইনি। এই যদি দেশ হয়, এই যদি সমাজ হয়, তবে একে হাতুড়ি দিয়ে মেরে ভেঙে দিতে হবে।’কাজী কামরুজ্জামান বলেন, এ দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। এখানে চিকিৎসাব্যবস্থার উন্নয়ন হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ বরাবরই এর নাগালের বাইরে থাকছে। এ অবস্থার পরিবর্তন জরুরি।অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বদেশ চিন্তা সংঘের সভাপতি আবুল কাসেম ফজলুল হক, সাধারণ সম্পাদক হাসান ফকরী, আহমদ কবীর প্রমুখ উপস্থিত ছিলেন। ড. আহমদ শরীফ ১৯২১ সালের ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের পটিয়ার সুচক্রদণ্ডী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি টানা ৩৪ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেন। ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।