মৈত্রী ট্রেন থেকে অবৈধ পণ্য উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ও কোরিয়ান অবৈধ মালামাল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অতিরিক্ত মালামাল বহনের জন্য যাত্রীদের কাছ থেকে ৭৪ হাজার টাকা রাজস্ব আদায় করা হয়েছে।

সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির নির্বাহী ম্যাজিস্ট্রেট, অভিবাসন (ইমিগ্রেশন) ও শুল্ক বিভাগ, স্টেশন মাস্টার এবং রেলওয়ে পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ টাস্কফোর্স আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা রেলওয়ে স্টেশনে চোরাচালানবিরোধী এই অভিযান চালায়। আটক পণ্যের মধ্যে রয়েছে ৪০০টি ভারতীয় শাড়ি ও কোরিয়ান ৮০০ প্যাকেট ইজি সিগারেট। যার বর্তমান বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় ৫ লাখ টাকার মতো।

নাম প্রকাশে অনিচ্ছুক টাস্কফোর্স সংশ্লিষ্ট একটি সূত্রের ভাষ্য, লাগেজ পার্টি ও চোরাকারবারিরা ঈদকে সামনে রেখে মৈত্রী ট্রেনকে নিরাপদ মাধ্যম হিসেবে ব্যবহার করে আসছিল। শুল্ক ও অভিবাসন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অলিখিত বন্দোবস্ত করে প্রায় প্রতিদিনই অবৈধ পণ্য নিয়ে তাঁরা ভারত থেকে বাংলাদেশে আসছিল। আজ অন্তত কোটি টাকার অবৈধ পণ্য নিয়ে আসার খবর পেয়ে টাস্কফোর্স এই অভিযান চালায়। কিন্তু বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা সীমান্তের ওপারে বেশির ভাগ মাল রেখে আসে বলেও সূত্র উল্লেখ করে।

চুয়াডাঙ্গার ৬ বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, এখন থেকে চোরাচালান দমনের অংশ হিসেবে টাস্কফোর্সের এমন অভিযান চলবে।