এবার আর একলা পথে নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল দুপুরে দর্শনা রেলস্টেশনের মাস্টারের ক​েক্ষ ৬ জানুয়ারির প্রথম আলো পত্রিকায় নিজেকে নিয়ে লেখা প্রতিবেদন পড়ছেন রীনা আক্তার l ছবি: প্রথম আলো
গতকাল দুপুরে দর্শনা রেলস্টেশনের মাস্টারের ক​েক্ষ ৬ জানুয়ারির প্রথম আলো পত্রিকায় নিজেকে নিয়ে লেখা প্রতিবেদন পড়ছেন রীনা আক্তার l ছবি: প্রথম আলো

মৈত্রী ট্রেনে একমাত্র যাত্রী হয়ে ঢাকা থেকে কলকাতা গিয়েছিলেন রীনা আক্তার। কিন্তু ফিরতি ট্রিপে তাঁর সহযাত্রীর সংখ্যা ৪০৮ জন। গতকাল শনিবার দুপুরে রীনা অন্যদের সঙ্গে দেশে ফিরেছেন।
জনপ্রিয়তার কারণে ঢাকা থেকে কলকাতাপথে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ট্রিপ বাড়ানো হয়েছে। গত সোমবার এই বাড়তি ট্রিপের প্রথমটিতে ঢাকার ইডেন কলেজের ছাত্রী রীনা (২২) কলকাতায় আত্মীয়ের বাড়িতে যান। পুরো ট্রেনে যাত্রী বলতে তিনি একাই।
সাত কামরার ট্রেনে ৪৫৯ আসনের বিপরীতে মাত্র একজন যাত্রীর গমনের ঘটনায় ৬ জানুয়ারি প্রথম আলোয় ‘পুরো ট্রেনে যাত্রী মাত্র একজন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি পাঠকদের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি করে।
কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী ট্রেনটি ৪০৯ জন যাত্রী নিয়ে গতকাল দুপুর ১২টা ১০ মিনিটে চুয়াডাঙ্গার দর্শনা স্টেশনে পৌঁছায়। সেখানে অভিবাসন ও শুল্কপ্রক্রিয়া শেষে বেলা ১টা ১০ মিনিটে এটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি দর্শনায় অবস্থানকালে স্টেশন মাস্টারের কক্ষে রীনার সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়।
রীনা বলেন, ঢাকা থেকে কলকাতায় একা যাওয়া এবং কলকাতা থেকে অনেকের সঙ্গে ফেরার অভিজ্ঞতা অবশ্যই আলাদা। একমাত্র যাত্রী হয়ে যাওয়ার বিষয়টি ঢাকা থেকে ট্রেন ছাড়ার আগে জানলে তিনি ওই দিন কলকাতায় যেতেন না। তবে একটি আন্তর্জাতিক ট্রেন চলাচলের ইতিহাসের সঙ্গে নিজের জড়িয়ে পড়ার ঘটনায় অন্য রকম অনুভূতি তৈরি হয়েছে তাঁর। পত্রিকার খবরে দেশ-বিদেশে তাঁর পরিচিতি যেমন বেড়েছে, তেমনি পুরোনো বন্ধুরাও তাঁর খোঁজ নিতে শুরু করেছেন।
একা কলকাতা যাওয়ার অভিজ্ঞতার বিষয়ে রীনা বলেন, ‘ট্রেন ছাড়ার পর যখন বুঝতে পারি, যাত্রী শুধু আমি একা, তখন একাধারে ভয় ও আনন্দের অন্য রকম অনুভূতি কাজ করে। শোভন শ্রেণির টিকিট কেটেও শীতাতপ চেয়ারে বসে ভ্রমণ করেছি। কর্মকর্তারা প্রায়ই এসে খোঁজখবর নিয়েছেন।’
খুলনার খালিশপুরের মেয়ে রীনা জানান, ভারতের গেদে রেলস্টেশনে পৌঁছানোর আগেই তাঁর একমাত্র যাত্রী হয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হয়ে যায়।
বিপুলসংখ্যক কর্মকর্তা স্টেশনে তাঁকে স্বাগত জানান এবং আপ্যায়ন করান। নিরাপত্তার স্বার্থে অভিবাসন বিভাগের দুজন নারী কর্মীকে তাঁর সঙ্গে গেদে থেকে কলকাতার চিতপুর স্টেশন পর্যন্ত পাঠানো হয়। ভারতীয় ট্রেন পরীক্ষক কমল কুমার মৈত্র নিজ দায়িত্বে ট্যাক্সি ঠিক করে একজন কর্মচারীকে সঙ্গে দিয়ে লালকুঠি এলাকায় গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করেন। দেশে ফেরার সময় সহযাত্রীদের সঙ্গে গল্প-আলাপে কীভাবে সময় কেটে গেছে টেরই পাননি।
দর্শনা রেলওয়ে স্টেশনমাস্টার মীর মো. লিয়াকত আলী জানান, মৈত্রী ট্রেনের ক্রমশ জনপ্রিয়তার কারণে কলকাতা থেকে ঢাকা অভিমুখে রোববার এবং ঢাকা থেকে কলকাতা অভিমুখে সোমবার বাড়তি ট্রিপ চলাচল শুরু হয়েছে। সোমবার প্রথম ট্রিপ কলকাতায় যায়। তবে প্রচারের অভাবে ওই দিন যাত্রী ছিল মাত্র একজন।