মৈত্রী ট্রেনের সঙ্গে পুশট্রলির মুখোমুখি সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-কলকাতা-ঢাকা মৈত্রী ট্রেনের সঙ্গে রেলের একটি পুশট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার দুপুরে পাবনার ঈশ্বরদী-মুলাডুলি গফুরাবাদ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। এতে এক শিশু (৯) আহত হয়েছে।
দুর্ঘটনার কারণে মৈত্রী এক্সপ্রেস ট্রেন ১ ঘণ্টা ১০ মিনিট আটকে ছিল ঈশ্বরদী জংশন স্টেশনে। পরে ইঞ্জিন মেরামত ও নতুন হোসপাইপ লাগিয়ে বেলা ১টা ১০ মিনিটে ট্রেনটি কলকাতার উদ্দেশে ছেড়ে যায়।
পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার বলেন, ঘটনা তদন্তে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের (জিএম) নির্দেশে পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসীকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ওই পুশট্রলিতে থাকা প্রকৌশলী আহসান হাবিব মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রেললাইন পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁরা দুপুরে ঈশ্বরদী থেকে মুলাডুলি গফুরাবাদ রেলস্টেশনের দিকে পুশট্রলিটি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে ট্রেন আসার শব্দ পান। ট্রলির সামনের কাচ ঘোলাটে থাকায় দূর থেকে কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎ তিনি দেখেন ট্রেনটি দ্রুতগতিতে একই লাইনে পুশট্রলির দিকে এগিয়ে আসছে। পুশট্রলি তখন গফুরাবাদের দিকে একই লাইনে যাচ্ছিল। এতে তাঁরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। দ্রুত তাঁরা পুশট্রলি থেকে লাফিয়ে রেললাইনের পাশে নিরাপদে চলে যেতে না যেতেই মুহূর্তেই পুশট্রলিটির সঙ্গে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চূর্ণবিচূর্ণ হয়ে যায় পুশট্রলি। এ সময় অজ্ঞাতপরিচয় ওই শিশু লোহার টুকরোর আঘাতে আহত হয়।
প্রকৌশলী আহসান হাবিব আরও বলেন, দুর্ঘটনায় পুশট্রলির লোহার খণ্ডিত অংশ ট্রেনের ইঞ্জিনের চাকার সঙ্গে আটকে যায় এবং ইঞ্জিনের হোসপাইপ ছিঁড়ে ট্রেনটি থেমে যায়। কিছুক্ষণ পর হোসপাইপটি জোড়াতালি দিয়ে ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনে নিয়ে আসা হয়। স্টেশনে আনার পর ইঞ্জিন মেরামত ও নতুন হোসপাইপ সংযোজন করে বেলা ১টা ১০ মিনিটে ট্রেনটি কলকাতার উদ্দেশে ছেড়ে যায়।