মৈত্রী বৈঠকে গুরুত্ব পেল যোগাযোগব্যবস্থার উন্নয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগব্যবস্থার আরও উন্নতির ওপর গুরুত্ব দিয়েছেন ভারত ও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিরা। আসামের রাজধানী গুয়াহাটি অষ্টম ফ্রেন্ডশিপ ডায়ালগে উভয় দেশের বিশিষ্টজনেরা বিষয়টি নিয়ে আলোচনা করছেন।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে ২৬ সদস্যের প্রতিনিধিদল বর্তমানে গুয়াহাটিতে অবস্থান করছেন। ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত ভারত-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ আলোচনার অষ্টম পর্যায়ের এই বৈঠকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। রোববার উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর উপস্থিত থেকে যোগাযোগব্যবস্থার উন্নয়নে উদ্যোগী হওয়ার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেন।

সম্মেলনে ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী, জাতীয় সংসদের সদস্য পঙ্কজ দেবনাথ, ফ্রেন্ডস অব বাংলাদেশের মেজর সামছুল আরিফিন ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপকেরা অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল উপস্থিত ছিলেন। মঙ্গলবার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আরেক বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দ্বিপক্ষীয় যোগাযোগব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বর্তমানে খুব ভালো সম্পর্ক রয়েছে। সম্পর্কের উন্নয়নে আরও অনেক কিছু করার পথ খোলা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আকবর বাংলাদেশকে ভারতের সত্যিকারের বন্ধুরাষ্ট্র বলে বর্ণনা করেন। তাঁর মতে, উত্তর-পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের আরও ভালো যোগাযোগব্যবস্থা উভয় পারের বাসিন্দাদের উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে।

আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পানিপথে ব্রহ্মপুত্র ও বরাক নদীর মাধ্যমে যোগাযোগব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দেন। সেই সঙ্গে জানান, উভয় নদীর সংস্কারে ব্যবস্থা নিচ্ছে ভারত সরকার। ড্রেজিংয়ের কাজে তিনি বাংলাদেশের সহযোগিতাও চান।

উভয় দেশের প্রতিনিধিদের সম্মানে সোমবার আসামের রাজ্যপাল ভানোয়ারিলাল পুরোহিত নৈশভোজের আয়োজন করেন।