মৈত্রী মোটর শোভাযাত্রা বাংলাদেশে পৌঁছেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল—এই চার দেশের মধ্যে সড়ক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ১৪ নভেম্বর ভারতের উড়িষ্যার ভুবনেশ্বর থেকে যাত্রা শুরু করা ফ্রেন্ডশিপ মোটর শোভাযাত্রা (মৈত্রী মোটর শোভাযাত্রা) বাংলাদেশে এসেছে। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে গতকাল শনিবার দুপুরে ২০টি গাড়ির মৈত্রী শোভাযাত্রা ফেনীর পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
গতকাল বেলা একটায় মোটর শোভাযাত্রায় থাকা গাড়ির বহর বিলোনিয়ার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ করতালি ও ফুল দিয়ে স্বাগত জানায়। এ সময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শামীম ইফতেখার, জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আলম সরকার, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলীম, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী।
এ সময় ভারতের দক্ষিণ ত্রিপুরা জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) দেবাশীষ বসু, দক্ষিণ ত্রিপুরা পুলিশের সুপারিনটেনডেন্ট (এসপি) বি আর চক্রবর্তী, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৬৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক একে মিশ্র উপস্থিত ছিলেন।
চার দেশের ৮০ জনের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ভারতের ভুবনেশ্বরের প্রবীণ ভজদেয়। দলটি প্রথমে বিলোনিয়া সীমান্তসংলগ্ন বিজিবির মজুমদারহাট সীমান্ত চৌকিতে অবস্থান করেন। পরে তাঁরা ফেনী সার্কিট হাউসে যান। প্রতিনিধিদলটি বিকেলে চট্টগ্রামের উদ্দেশে ফেনী ছেড়ে যায়।
ফেনীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেন, এ শোভাযাত্রার মধ্য দিয়ে চার দেশের মানুষের যোগাযোগের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে। পারস্পরিক সম্পর্ক বাড়বে। সড়ক যোগাযোগের পাশাপাশি এসব দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যেরও সম্প্রসারণ ঘটবে।
দক্ষিণ ত্রিপুরার ডিএম দেবাশীষ বসু বলেন, মোটর শোভাযাত্রার মাধ্যমে চার দেশের মানুষের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে। সড়ক যোগাযোগের পাশাপাশি রেল যোগাযোগও বাড়বে।