মৈত্রী শোভাযাত্রা আজ ঢাকা ছাড়বে
বাংলাদেশে তিন দিনের অবস্থান শেষে বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে (বিবিআইএন) চলা মৈত্রী শোভাযাত্রা আজ সোমবার সকালে ঢাকা ছাড়বে। বিকেলেই যশোরের বেনাপোল হয়ে কলকাতা যাবে এই শোভাযাত্রা।
বিবিআইএন শোভাযাত্রার ঢাকায় আসা উপলক্ষে গতকাল সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে আঞ্চলিক যোগাযোগ অবকাঠামো নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ব্যবসা-বাণিজ্য ও জনগণের যোগাযোগ সম্প্রসারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আন্তদেশীয় সড়ক যোগাযোগ স্থাপনে বাংলাদেশ সব সময়ই আন্তরিক।
গত ১৫ জুন বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে সড়কপথে যাত্রীবাহী, ব্যক্তিগত ও পণ্যবাহী যান চলাচলে মোটরযান চুক্তি হয়। এর আওতায় ১৪ নভেম্বর ভারতের ওডিশার ভুবনেশ্বর থেকে ২০টি গাড়ির মৈত্রী শোভাযাত্রার এই পথচলা শুরু হয়। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা থেকে শনিবার দুপুরে ফেনীর বিলোনিয়া সীমান্ত দিয়ে মৈত্রী শোভাযাত্রা বাংলাদেশে ঢোকে। এতে চার দেশের ৮০ জন প্রতিনিধি রয়েছেন।
আজ সকালে শোভাযাত্রাটি প্রথমে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবে। সেখানে শ্রদ্ধা নিবেদনের পর সকাল আটটায় জাতীয় সংসদ ভবনের সামনে যাবে। সেখানে ওবায়দুল কাদের শোভাযাত্রাকে ঢাকা থেকে বিদায় জানাবেন। এরপর এটি কলকাতার উদ্দেশে রওনা হবে। ৩ ও ৪ ডিসেম্বর শোভাযাত্রার প্রতিনিধিরা কলকাতায় আলোচনায় অংশ নেবেন।