মো. জালালুদ্দীন আল কাদরীর জানাজা সম্পন্ন

মাওলানা মো. জালালুদ্দীন আল-কাদরীর তৃতীয় জানাজা গতকাল সোমবার বাদ জোহর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ্ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। প্রখ্যাত এই আলেমের জানাজায় হাজারো মানুষ অংশ নেয়।
মো. জালালুদ্দীন আল-কাদরী চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ছিলেন। গত শনিবার রাতে তিনি রাজধানীর বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন। রোববার সকালে মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসামাঠে তাঁর প্রথম জানাজা ও বাদ আসর বায়তুল মোকাররম মসজিদে দ্বিতীয় জানাজা হয়।
জমিয়াতুল ফালাহ্ ময়দানের জানাজায় আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ইছহাক মিয়া, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মেয়র এম মনজুর আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক শামসুল আরেফিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমানসহ অনেকে অংশ নেন। এরপর বাদ আসর চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ময়দানে মো. জালালুদ্দীন আল-কাদরীর চতুর্থ জানাজা হয়। পরে মাদ্রাসাসংলগ্ন কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।