মোংলা বন্দর দিয়ে আমদানি করা রিকন্ডিশন্ড গাড়ির বিভিন্ন ধরনের যন্ত্রাংশ চুরি হয়ে যাচ্ছে। গাড়ির যন্ত্রাংশ যাতে না চুরি হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মোংলা বন্দরের চেয়ারম্যানকে অনুরোধ করেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশন (বারভিডা)। গতকাল মঙ্গলবার দুপুরে বন্দর চেয়ারম্যান এ কে এম ফারুক হাসানের সঙ্গে বৈঠক করে এ অনুরোধ করেন বারভিডার নেতারা। এ সময় বারভিডার নেতারা গাড়ি ছাড়করণের জটিলতা নিরসন ও বন্দরকে আধুনিকায়নের দাবি করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বারভিডার সভাপতি হাবিব উল্লাহ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ সংগঠনের অন্য নেতা-কর্মীরা।
বারভিডার সভাপতি বলেন, মোংলা বন্দর থেকে গাড়ি নামানোর সময় কিছু যন্ত্রাংশ, যেমন লোগো, গ্লাস, বাম্পারের নিচের ফগ লাইট, এসির কিছু যন্ত্রাংশ ও এসডি কার্ড হারিয়ে যাচ্ছে। ঢাকায় নিয়ে গিয়ে এগুলো ঠিক করতে আরও ৫০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়। এ কারণে গাড়ির দাম বেড়ে যায়। এভাবে শেষমেশ ওই খরচ গিয়ে পড়ে ক্রেতার ওপর। তিনি আরও অভিযোগ করেন, আমদানি করা গাড়ির গায়ে কিছু অনাকাঙ্ক্ষিত দাগ দেখা যায়, যা কুকুর বা বিড়ালের দ্বারা হয়েছে বলে মনে হয়। রাতে চালকেরা বন্দর থেকে ছাড় করা গাড়ি নিয়ে যাওয়ার সময় নানা ধরনের সমস্যা ও দুর্ঘটনার শিকার হন। এসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে তাঁরা দিনে দিনে গাড়ি ছাড় করানো ও মোংলা বন্দরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করার আহ্বান জানান।
এ সময় বন্দর চেয়ারম্যান ফারুক হাসান তাঁদের সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।