মোংলায় ডুবোচরে লবণবোঝাই বিদেশি জাহাজ চরে আটকা
চালকের ভুলে মোংলা বন্দরের পশুর চ্যানেলের প্রবেশমুখে ফেয়ারওয়ে বয়া এলাকায় গত বুধবার ভোরে লবণবোঝাই একটি বিদেশি জাহাজ ডুবোচরে আটকা পড়েছে। জাহাজটিতে প্রায় ১৮ হাজার ৭০০ মেট্রিক টন লবণ রয়েছে। এখন পর্যন্ত জাহাজটি ডুবোচর থেকে উদ্ধার করা সম্ভব হয়নি।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কসমস শিপিং লাইনসের খুলনা অঞ্চলের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম বলেন, ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি তানভিন’ নামের জাহাজটি ভারতের কানলা বন্দর থেকে লবণ বোঝাই করে মোংলা বন্দরের প্রবেশমুখে বুধবার ভোরে ফেয়ারওয়ের ১৩ ও ১৪ নম্বর বয়া এলাকার মধ্যবর্তী স্থানের ডুবোচরে আটকে যায়। জাহাজের মাস্টার দিক ভুল করে মূল চ্যানেল থেকে দেড় কিলোমিটার দূরে এসে ডুবোচরে উঠে যায়। বুধবার দুপুর ও রাতের জোয়ারে চর থেকে জাহাজটি নামানোর চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। বিদেশি এ জাহাজে মাস্টারসহ ২২ জন বিদেশি নাবিক রয়েছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওয়ালীউল্লাহ বলেন, ফেয়ারওয়ে বয়া এলাকায় ডুবোচরে আটকে থাকা বিদেশি জাহাজটি নিরাপদে রয়েছে। যে স্থানে জাহাজটি আটকে আছে, তা বন্দরের মূল চ্যানেলের বাইরে। বন্দরের চ্যানেলও বর্তমানে ঝুঁকিমুক্ত রয়েছে। জাহাজটি দুই দফায় উদ্ধারের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। এখন লাইটার জাহাজের মাধ্যমে লবণ খালাস শুরু করে জাহাজ উদ্ধারের চেষ্টা চলছে।