মোংলায় বিধিনিষেধের বাস্তবায়ন নেই, কমছে না সংক্রমণ হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

বাগেরহাটের মোংলা উপজেলায় বিশেষ বিধিনিষেধ থেকে কঠোর বিধিনিষেধ জারির কথা বলা হলেও মাঠের চিত্র ভিন্ন। সংক্রমণ রোধে গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের সভায় গত ৩০ মে থেকে জারি বিধিনিষেধ আরও কঠোরভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। তবে কাগজে-কলমের সেই সিদ্ধান্ত মাঠে বাস্তবায়ন নেই। কমছে না করোনা সংক্রমণ হারও।

নতুন করে দেওয়া বিধিনিষেধে মোংলা নদী পারাপারের ট্রলার, দোকানপাট ও যান চলাচল পুরোপুরি বন্ধের নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। আজ শনিবার সকাল থেকে নদীর ঘাটে দেখা গেছে, মোংলা ইপিজেড ও দিগরাজ শিল্প এলাকার কলকারখানার নারী-পুরুষ কর্মজীবী মানুষের বিশাল ভিড়। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে শত শত মানুষ সংক্রমণের ঝুঁকি মাথায় নিয়ে নদী পার হচ্ছেন, যাঁরা প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পৌর শহরের ওপর দিয়ে বন্দরের শিল্প এলাকায় যাতায়াত করছেন।

চলছে মোংলা-খুলনা মহাসড়কে সব ধরনের যানবাহন। মোংলায় সংক্রমণ হার নামছে না ৪০ শতাংশের নিচে। সামাজিক দূরত্ব বাস্তবায়নে পৌর শহরের প্রধান কাঁচাবাজার, মাছ ও মাংসের দোকান স্বাস্থ্যবিধি মেনে খোলা মাঠে বসানোর সিদ্ধান্ত এখনো কার্যকর হয়নি। চলমান বিধিনিষেধে শুধু ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় দোকানপাট খোলা থাকার কথা থাকলেও মূলত খোলা হচ্ছে সব ধরনেরই দোকানপাট। যান ও মানুষের চলাচলেও কোনো সীমাবদ্ধতা নেই। ফলে কমানো যাচ্ছে না জনসমাগম, কমছে না সংক্রমণ ও শনাক্তের হারও।

আজ সকাল ১০টার পর থেকে কয়েকটি মোড়ে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক দেখা গেলেও তাদের সামনে দিয়ে যানবাহন ও সাধারণ মানুষের ছিল অবাদ চলাচল। পুলিশ ও প্রশাসনের সঙ্গে লুকোচুরি করে খুলছে দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান।

হঠাৎ সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৩০ মে থেকে মোংলা পৌর শহরে প্রথম দফায় ৮ দিনের বিধিনিষেধ জারি করে উপজেলা প্রশাসন। তাতেও পরিস্থিতি অনুকূলে না আসায় তা দ্বিতীয় দফায় বাড়ানো হয়। তবে পরিস্থিতির উন্নতি হয়নি। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ভোর থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করা হয়।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জীবিতেশ বিশ্বাস বলেন, বিধিনিষেধ কড়াকড়ি বাস্তবায়নে বাগেরহাট ও মোংলায় বিভিন্ন মিটিং একাধিকবার করার পরও তা ঢিলেঢালাভাবে চলছে। প্রশাসনও চেষ্টা করছে কিন্তু সাধারণ মানুষ তা মানছে না। তিনি আরও বলেন, আসলে বড় রোগ এখন মানুষ বিধিনিষেধ মানছে না। সবাই বিধিনিষেধ মেনে চললে সংক্রমণ পরিস্থিতি উন্নতি হতো। এদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৫৮ জনে ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৫৭ ভাগ।

মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী বলেন, লোকজন যাতে অপ্রয়োজনে বাড়ি থেকে বের না হয়, সে জন্য তাদের সচেতন করা হচ্ছে। তারপরও যারা বিধিনিষেধ ভঙ্গ করে দোকানপাট খুলছে, স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া চলছে, যানবাহন চালাচ্ছে, ভ্রাম্যমাণ আদালতে তাদের জরিমানা করা হচ্ছে। গত কয়েক দিনে ৫০টি মামলায় প্রায় ১৫০ জনকে জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।