মোক থুইয়া তুই কোটে গেলু, মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মোক থুইয়া তুই কোটে গেলু, মা। ক্যানে মুই তোক বিয়া দিবার আনছিনু। তোর মাক মুই কি জবাব দেইম।’ মেয়ে ফেলানীর মরদেহ জড়িয়ে ধরে এভাবে বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়েন বাবা নুরুল ইসলাম।গত শুক্রবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয় কিশোরী ফেলানী। পরদিন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সঙ্গে পতাকা বৈঠকের পর তার লাশ ফেরত দেয় বিএসএফ। গতকাল রোববার কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে ফুলবাড়ী থানার পুলিশ লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে। কুড়িগ্রাম জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে নাগেশ্বরী উপজেলার বানারভিটা গ্রামে ফেলানীর লাশ পৌঁছে রাত আটটার দিকে। এ সময় সেখানে হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। লাশ দেখে বারবার মূর্ছা যাচ্ছিলেন ফেলানীর ফুফু ফুলজান বিবি ও বড়মা লাইলি বেগম। লাশ দেখতে আশপাশের গ্রামের শত শত নারী-পুরুষ তীব্র শীতের মধ্যেও বাড়িতে ভিড় জমায়। তাদেরও অনেকে কান্নায় ভেঙে পড়ে। প্রতিবেশী ফজলুল হক বলেন, ‘মানুষ মানুষকে এমন করি মারে, বাহে! ওমার কি ছাওয়া-পোওয়া (ছেলেমেয়ে) নাই!’ মনোয়ারা বেগমের প্রশ্ন, ‘ছাওয়াটাক তো মারিল। বিএসএফ যে ওদের টাকা-সোনা নিয়া গেল, তার বিচার হবার নয়, বাহে?’তীব্র শীতের মধ্যে হারিকেন জ্বালিয়ে বড় চাচা মালেক মিয়ার বাড়িতে ফেলানীর লাশ দাফন করা হয়। ময়নাতদন্তকারী চিকিৎসক অজয় কুমার জানান, ফেলানীর বুকের বাঁ পাশে গুলি লেগে ডান দিক দিয়ে বেরিয়ে গেছে। ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান জানান, বেলা তিনটায় ফেলানীর লাশ তার মামা মো. হানিফের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, স্থানীয় একটি চক্র জনপ্রতি তিন হাজার টাকা চুক্তিতে ফেলানী ও তার বাবা নুরুল ইসলামকে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার ব্যবস্থা করে দেয়। ফেলানী হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার বলেন, এ ধরনের হত্যাকাণ্ড মেনে নেওয়া যায় না। কুড়িগ্রাম ২৭ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক আ. রাজ্জাক তরফদার প্রথম আলোকে বলেন, ‘অভাবের কারণে দালালের খপ্পরে পড়ে নুরুল ইসলাম ভারতে গিয়েছিলেন। তিনি আর ভারতে ফিরতে চান না। সেখানে রেখে আসা স্ত্রী ও পাঁচ ছেলেমেয়েকে ফিরে পাওয়ার জন্য আমাদের মাধ্যমে সরকারের কাছে আকুতি জানিয়েছেন নুরুল।’ উল্লেখ্য, গত শুক্রবার নুরুল ও ফেলানী ভোর সাড়ে পাঁচটার দিকে অনন্তপুর সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন। নুরুল প্রথমে মই বেয়ে কাঁটাতার পেরিয়ে আসেন। ফেলানী মইয়ে উঠলে তার কাপড়চোপড় কাঁটাতারে আটকে যায়। এ সময় সে ভয়ে চিৎকার শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই বিএসএফের বুলেট তার বুক ঝাঁজরা করে দেয়।নুরুলের পুরো পরিবার ভারতের রাজধানী নয়াদিল্লির একটি ইটভাটায় শ্রমিকের কাজ করে।