মোকাররমের বিরুদ্ধে আরও চারটি মামলা
ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মোকাররম মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি ও ধর্ষণের অভিযোগে আরও চারটি মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাগুলো করা হয়।
এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর রমনা থানার পুলিশ বেইলি রোড এলাকা থেকে মোকাররম মিয়াকে (৪৫) গ্রেপ্তার করে। একটি চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের পর মোকাররমকে গতকাল শুক্রবার দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়। বিকেলে তাঁর সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে জেলা মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয় তাঁকে।
১৯ এপ্রিল মোকাররম মিয়া ওরফে বাবুর বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলা করেন ফরিদপুর শহর যুবলীগের সভাপতি সাজ্জাদ হোসেন। এজাহারে বলা হয়, ফরিদপুর সরকারি তিতুমীর বাজারের নির্মাণকাজ পাইয়ে দেওয়ার জন্য মোকাররম তাঁর (সাজ্জাদ) কাছে ৪০ লাখ টাকা চাঁদা চান। তিনি ২০ লাখ টাকা দিতে বাধ্য হন।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কাজী মাসুদ রানা বলেন, সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মোকাররমকে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়। আদালত ২৬ এপ্রিল রিমান্ডের শুনানির দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠান।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুজ্জামান জানান, মোকাররমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে নতুন তিনটি মামলা করেন জেলা শ্রমিক লীগের অর্থবিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, মাচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম সরোয়ার হোসেন ও যুবলীগের নেতা শফিউল আলম। ধর্ষণের অভিযোগে মামলাটি করেন ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামের এক নারী।