মোক্তার হত্যার জন্য পুলিশকে দুষছেন স্বজনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগে ওয়ার্ড শ্রমিক লীগের নেতা মোক্তার হোসেন হত্যাকাণ্ডের জন্য তাঁর স্বজন ও ঘনিষ্ঠজনেরা পুলিশকে দুষছেন। তাঁদের অভিযোগ, খুন হওয়ার আধা ঘণ্টা আগে মোক্তার পুলিশকে ফোন করে ইয়াবা ব্যবসায়ী আবুলের বিষয়ে তথ্য দিয়েছিলেন। তাঁদের সন্দেহ, পুলিশের কেউ ওই তথ্য আবুলের কাছে ফাঁস করেন। রমনা থানার ওসি মশিউর রহমান গত বুধবার প্রথম আলোকে বলেছিলেন, মোক্তার খুন হওয়ার আগে তাঁকে ফোন করে আবুলকে গ্রেপ্তার করতে বলেছিলেন।
মোক্তারের স্বজনদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, মোক্তার ছিলেন পুলিশবান্ধব। তিনি বিভিন্ন তথ্য দিয়ে ওসিকে সহযোগিতা করতেন। ইয়াবা ব্যবসায়ী আবুলের ব্যাপারে তথ্য দেওয়ার বিষয়টি পুলিশের কারও আবুলকে বলার কথা নয়। তবু এ ব্যাপারে অভিযোগ করা হলে তদন্ত করে দেখা হবে।
২৩ নম্বর ওয়ার্ড যুবলীগের এক নেতা ও মোক্তারের ঘনিষ্ঠ বন্ধু গতকাল বলেন, আবুল মালিবাগ চৌধুরীপাড়ায় ঢুকেছে—এ খবর মোক্তার খুন হওয়ার ৩০ মিনিট আগে ফোন করে পুলিশকে জানিয়েছিলেন। এ তথ্য পুলিশ ছাড়া অন্য কারও জানার কথা নয়।
মোক্তারের ভাই সিরাজুল ইসলাম গতকাল আবুল, মমিন, রুবেল, শাখাওয়াত ওরফে আকাশ, সোহেল, শুক্কুর, মিলন, সুমন, লাট মিয়া ও মানিক হোসেনকে আসামি করে রমনা থানায় হত্যা মামলা করেন। এজাহারে বলা হয়, মাদক ব্যবসা ও চাঁদাবাজিতে বাধা দেওয়ায় মোক্তারকে খুন করা হয়। গতকাল রাত পর্যন্ত এ মামলায় কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশের উপকমিশনার মারুফ হোসেন বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে বলা যাচ্ছে না।
বিকেল চারটার দিকে আবুল হোটেলের পাশে মোক্তার হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবাদে সমাবেশ হয়। সমাবেশে সাংসদ রহমতউল্লাহ এলাকাবাসীর কাছে হত্যাকারী ও ইয়াবা ব্যবসায়ীদের তালিকা চান। তিনি বলেন, তালিকার এই ব্যক্তিদের তিনি পুলিশ কমিশনারকে দিয়ে গ্রেপ্তার করাবেন। সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগের নেতা-কর্মীসহ এলাকাবাসী অংশ নেন। মোক্তারের স্ত্রী মৌসুমী আক্তার বলেন, তাঁর স্বামী ঈদের দুই দিন আগে ইয়াবা ব্যবসায়ী আবুল, আকাশ ও রুবেলকে এলাকা ছেড়ে চলে যেতে বলেছিলেন। এ সময় তাঁরা তাঁকে হুমকি দিয়েছিলেন।