মোগল আমলের সাজে পুলিশ
মাথায় মোগল আমলের পাগড়ি। তাতে হলুদ রঙের ঝালর। ওপরে কোনাকৃতির কোল্লা ও বর্ণিল তোবড়া। পরনে খাকি বুশশার্ট, হাফপ্যান্ট, পট্টি ও ক্রিম রঙের কোমরবন্ধনী, মেরুন রঙের বুট, ক্রস বেল্ট, শোল্ডার লেটার ও পিতলের ব্রাশ নম্বর। বাংলাদেশ পুলিশ একাডেমীর শতবর্ষ উদ্যাপন উপলক্ষে এভাবেই ব্রিটিশ পুলিশের সূচনালগ্নের সাজে সজ্জিত করা হয়েছে একটি দলকে।পর্যায়ক্রমে পরিবর্তিত পোশাকে সেজেছে আরও নয়টি দল। একইভাবে একাডেমীকেও সাজানো হয়েছে বর্ণিল সাজে। তিন দিনব্যাপী শতবর্ষ পূর্তি উৎসব শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে।পুলিশ একাডেমীর অধ্যক্ষের বাংলোটি অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি মোগল আমলে তৈরি করেছিল ডাচ-ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটি তখন ছোট কুঠি নামে পরিচিত ছিল। আর অফিসার মেসটিকে বলা হতো বড় কুঠি। পলাশীর যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটি ডাচদের কাছ থেকে কিনে নেয়। ১৯০৮ সালে মেদিনীপুর জমিদার এই সম্পত্তি কেনেন। ১৯১০ সালে তৎকালীন সরকার ১৪২ দশমিক ৬৬ একর জমিসহ ২৫ হাজার টাকায় এই সম্পত্তি কিনে নেন। প্রতিষ্ঠার পর থেকে ভারতের অবিভক্ত বাংলা, আসাম ও ব্রিটেনের সব পদমর্যাদার পুলিশ এখানে প্রশিক্ষণ নিয়েছে। দেশ বিভাগের পর এটিকে পাকিস্তান পুলিশ সার্ভিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর এর নাম হয় বাংলাদেশ পুলিশ একাডেমী।একাডেমীর অধ্যক্ষ নাইম আহমেদ জানান, উৎসবের প্রথম দিন হেরিটেজ প্যারেড, স্মারক ডাকটিকিট উন্মোচন, বৃক্ষরোপণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, দ্বিতীয় দিন সেমিনার, মেলা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তৃতীয় দিনে হর্স শো, ব্যান্ড শো, স্মৃতিচারণা ও উন্মুক্ত কনসার্ট অনুষ্ঠিত হবে। প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেরিটেজ প্যারেডে অভিবাদন গ্রহণ করবেন। অনুষ্ঠানে সহস্রাধিক দেশি-বিদেশি অতিথি উপস্থিত থাকার কথা রয়েছে।