মোগল স্মৃতির আতিশখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আতিশখানা লেনে পুরোনো বাড়ি এখন এই একটিই ষ ছবি: সাহাদাত পারভেজ
আতিশখানা লেনে পুরোনো বাড়ি এখন এই একটিই ষ ছবি: সাহাদাত পারভেজ

ঐতিহাসিক লালবাগ কেল্লা পার হয়ে পশ্চিমে খানিকটা এগিয়ে গেলেই চৌরাস্তার মোড়। হাতের বাঁয়ে অর্থাৎ দক্ষিণ দিকের সরু গলিটির নাম আতিশখানা লেন। তবে বর্তমানে নামটি একটু বদলে গেছে। ঢাকার ইতিহাসবিষয়ক বইপুস্তকে আতিশখানা বলে উল্লেখ থাকলেও এলাকার লোকমুখে এবং বাড়ি বা দোকানের সাইনবোর্ডে লেখা ‘আতশখানা’।

আতিশখানা লেন ষ ছবি: প্রথম আলো
আতিশখানা লেন ষ ছবি: প্রথম আলো

লালবাগ রোডের চৌরাস্তার ওই মোড় থেকে দক্ষিণ দিকে এই সরু গলিটি এঁকেবেঁকে অদূরে গিয়ে মিলেছে জগন্নাথ সাহা রোডের সঙ্গে। আতিশখানা রোডটি রাজধানী ঢাকার প্রাচীনতম জনবসতিগুলোর একটি। সুবাদার ইসলাম খাঁর সময় রাজধানী ঢাকার দক্ষিণ-পশ্চিম পাশে জনবসতির যে সম্প্রসারণ ঘটেছিল, আতিশখানা ছিল তার অন্তর্ভুক্ত।
এলাকার নাম কেন আতিশখানা হলো তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতান্তর রয়েছে। কেউ কেউ মনে করেন, এখানে জরথুস্ত্রের অনুসারী পার্সি সম্প্রদায়ের বসবাস ছিল। তারা অগ্নি-উপাসক। ফার্সি ‘আতিশ’ শব্দের অর্থ আগুন। সেই থেকে আতিশখানা নামকরণ। হাকিম হাবিবুর রহমান তাঁর আসুগদান-ই-ঢাকা বইতে বলেছেন, এখানে একটি বিশেষ ধরনের পাকা কবরও ছিল। পরে তা চাপা পড়ে যায়। সেখানে ঘরবাড়ি নির্মিত হয়। আবার ১৯২৭ সালে এখানে খনন করে একটি পারসিকদের উপাসনার অগ্নিকুণ্ডের অস্তিত্বও পাওয়া যায় বলে উল্লেখ করেছেন ঐতিহাসিক আজিমুশান হায়দার।
তবে ইতিহাসবিদ অধ্যাপক আবদুল করিমের মতে, এ ধারণা সঠিক নয়। তিনি তাঁর মুঘল রাজধানী ঢাকা বইতে উল্লেখ করেছেন, আতিশখানা গড়ে উঠেছিল মোগল আমলেই। তিনি সুবাদার ইসলাম খাঁর সময় রাজধানী ঢাকার যে সম্প্রসারণ ঘটেছিল, তার একটি তালিকা দিয়েছেন ওই বইতে। সেই তালিকার ক্রমানুসারে ৩১ নম্বরে রয়েছে আতিশখানা। এটি দক্ষিণ-পশ্চিম দিকে সম্প্রসারিত এলাকা। তিনি মনে করেন, এখানে হয়তো মোগলদের অস্ত্রাগার ছিল। এখানে গোলাবারুদ তৈরি হতো। সেই থেকে আতিশখানা নামের উৎপত্তি হতে পারে। ঐতিহাসিক মুনতাসীর মামুনও এই মতের সমর্থক। তিনি তাঁর ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী (প্রথম খণ্ড) বইতে লিখেছেন ‘অধ্যাপক করিমের যুক্তিই যুক্তিযুক্ত। কারণ, ঢাকায় জানামতে, জরথুস্ত্র অনুসারীদের আধিক্য কখনো তেমন ছিল না। ফলে তাদের কর্মকাণ্ডের কারণে একটি অঞ্চলের নামকরণ সম্ভব নয়।’
মোগল আমলের গুরুত্বপূর্ণ এই এলাকাটি এখন একটি ছোট সরু গলি। দুই পাশে গায়ে গায়ে লাগানো ঘরবাড়ি। গলিতে ঢোকার মুখেই দেখা গেল পুরোনো ইমারত ভেঙে নতুন বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। পুরো গলিতে পুরোনো বাড়ি আছে তিনটি। এর মধ্যে পূর্ব পাশের ২০ নম্বর বাড়িটিই সবচেয়ে পুরোনো। এটি দ্বিতল। নিচের তলায় বারান্দার ছাদের সঙ্গে ঝালরের মতো করে লাগানো চমৎকার কাঠের নকশা। ওপরের বারান্দা ঢালাই লোহার নকশা করা রেলিং দিয়ে ঘেরা। এটি হয়তো ব্রিটিশ আমলে নির্মিত। অন্য দুটি এত প্রাচীন নয়। বলতে গেলে এই বাড়িটি ছাড়া পুরোনো কালের তেমন কোনো নিদর্শন নেই আতিশখানা লেনে। আতিশখানা লেন আগে বেশ বড়ই ছিল। নাজির হোসেনের কিংবদন্তির ঢাকা বইতে দেখা যাচ্ছে, বিষ্ণু চরণ দাস স্ট্রিট থেকে শেখ সাহেব বাজারের একটি অংশ নিয়ে পশ্চিমে খান মুহম্মদ মৃধা মসজিদ পর্যন্ত ছিল এলাকাটির বিস্তৃতি। এখন শুধু ওই সরু গলিটিই টিকে আছে আতিশখানা লেন নামে। সরু হলেও দেখা গেল অন্যান্য এলাকার চেয়ে ঢের পরিচ্ছন্ন। ঢাকার এসব আঁকাবাঁকা, সর্পিল, সংকীর্ণ, ছায়াময় অলিগলিতে মিশে থাকে কেমন যেন এক রহস্যময়তা। যেন পুঞ্জীভূত হয়ে আছে দীর্ঘ দিনের উত্থান-পতন, আনন্দ-বেদনার অভিব্যক্তি।