মোগলহাটে তুচ্ছ ঘটনায় তুলকালাম
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েকটি গ্রামের বিবদমান বাসিন্দাদের বিক্ষোভ, লাঠিসোঁটা ও ঝাড়ু মিছিল শেষ পর্যন্ত ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবির কর্মসূচিতে পরিণত হয়।মেঘারাম বাজার এলাকার রাস্তার পাশে রোপণ করা একটি গাছের চারা ভেঙে ফেলার ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়নের কর্ণপুর, ইটাপোতা, বুমকা ও কুরুল গ্রামের বাসিন্দাদের সঙ্গে একই ইউনিয়নের কোদালখাতা গ্রামের বাসিন্দাদের তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে এসব গ্রামের কমপক্ষে ২০ জন আহত হন। এ ঘটনায় সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমানের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে গতকাল সকালে সহস্রাধিক নারী-পুরুষ লালমনিরহাট-মোগলহাট সড়কে লাঠি ও ঝাড়ু মিছিল করেন। বিক্ষোভকারীরা এ সময় সড়কের বিভিন্ন স্থানে কাঠের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।