মোগড়াপাড়ায় দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার ব্যস্ততম এলাকা মোগড়াপাড়া চৌরাস্তার পাশে প্রকাশ্যে দিনদুপুরে গতকাল রোববার দুপুরে সন্ত্রাসীরা হাবিবুর রহমান ওরফে হাবিব নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। এ খুনের ঘটনায় জড়িত সন্দেহে এলাকাবাসী গণপিটুনি দিয়ে একজনকে পুলিশে সোপর্দ করেছেন।প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মোগড়াপাড়া ইউনিয়নের হাবিবপুর গ্রামের সামসুল হক ব্যাপারির ছেলে হাবিবুর রহমান বেলা দুইটায় মোগড়াপাড়া চৌরাস্তা থেকে রিকশাযোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর দিয়ে স্থানীয় বাড়িমজলিশ হাফিজিয়া মাদ্রাসার দিকে যাওয়ার পর আফিয়া সিএনজি স্টেশনের সামনে যাওয়ার পর আট-দশজনের একদল সন্ত্রাসী হাবিবুর রহমানের রিকশার গতি রোধ করে রামদা, চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করে। এ সময় এলাকাবাসী ও পথচারীরা এ ঘটনা দেখার পরও সন্ত্রাসীদের ভয়ে কেউ এগিয়ে আসেনি। নিহত যুবক হাবিবুর রহমানের বড় বোন রোজিনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘গত বছর ১ অক্টোবর স্থানীয় জৈনপুর গ্রামের নায়েব আলী, আবুল হাসনাত, মো. জনি ও হাবু মিয়ার নেতৃত্বে আমার বড় ভাই কবির হোসেনকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয়। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে সেই সন্ত্রাসীরাই আমার ছোট ভাই হাবিবুর রহমানকে খুন করেছে।’এদিকে এ ঘটনার আধা ঘণ্টা পর বাড়িমজলিশ হাফিজিয়া মাদ্রাসার সামনে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী গণপিটুনি দিয়ে সোনারগাঁ পৌরসভার খাসনগর দীঘিরপাড় গ্রামের এবাদুল হকের ছেলে মোজাম্মেল হককে (২৩) গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে আটটি চাপাতি ও রামদা উদ্ধার করেছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, নিহত হাবিবুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে আটক মোজাম্মেল হককে এ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।