মোজাফ্ফর আহমদকে স্মরণ করলেন গুণগ্রাহী ও ছাত্ররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে শিক্ষার ব্যাপারে কোনো আপস করেননি। অর্থনীতিবিদ হিসেবে বরাবরই রাষ্ট্রের ভূমিকাকে গুরুত্ব দেওয়ার দৃষ্টিভঙ্গি অনুসরণ করেছেন। স্পষ্টভাষী ও নির্ভীক মানুষ হিসেবে নিজের অবস্থান অক্ষুণ্ন রেখেছেন।সদ্যপ্রয়াত অধ্যাপক মোজাফ্ফর আহমদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তাঁর বন্ধু, গুণগ্রাহী ও ছাত্ররা এ রকম কথাই বললেন গতকাল শনিবার। বাংলাদেশ অর্থনীতি সমিতি এই স্মরণসভার আয়োজন করে। রাজধানীর ইস্কাটন গার্ডেনে অর্থনীতি সমিতি মিলনায়তনে এই সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবুল বারকাত। স্বাগত ভাষণ দেন সাধারণ সম্পাদক তৌফিক আহমদ চৌধুরী। স্মরণসভায় মোজাফ্ফর আহমদের ৫৫ বছরের বন্ধু রেহমান সোবহান বলেন, ‘আমরা এ রকম একজন ব্যক্তিত্বের জন্য গর্ববোধ করতে পারি। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটকে (আইবিএ) অসাধারণ সাংগঠনিক দক্ষতায় গড়ে তুলেছেন।’মোজাফ্ফর আহমদের জীবনের বিভিন্ন দিকের ওপর আলোকপাত করতে গিয়ে রেহমান সোবহান আরও বলেন, ‘শিকাগো বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে উচ্চতর শিক্ষা গ্রহণকালে মোজাফ্ফর অর্থনীতির বিভিন্ন বিশ্লেষণী কৌশল রপ্ত করেছেন, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি গ্রহণ করেননি। বরং সারা জীবন অর্থনীতি পরিচালনা ও ব্যবস্থাপনায় রাষ্ট্রের ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন।’ উল্লেখ্য, শিকাগো স্কুল মিল্টন ফ্রিডম্যানের নেতৃত্বে বাজারমুখী অর্থনৈতিক দর্শনের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে থাকে।রেহমান সোবহান আরও বলেন, ‘মোজাফ্ফর একজন অনন্য মানুষ ছিলেন। তিনি একটি ন্যায্য সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। আমি জানি না, এ রকম আরেকজন মানুষ আর পাব কিনা।’মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ‘তাঁর মতের সঙ্গে দ্বিমত পোষণ করলেও শ্রদ্ধা করার মতো যুক্তিবাদী মানুষ ছিলেন মোজাফ্ফর আহমদ। তিনি বরাবরই শিক্ষা খাতে রাষ্ট্রীয় বরাদ্দ বাড়ানোর জন্য বলেছেন। ’বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ‘মোজাফ্ফর স্যার একাধারে শিক্ষক, গবেষক, সংগঠক ছিলেন। অসাধারণ মাতৃভক্ত একজন মানুষ ছিলেন তিনি। ছিলেন কর্মনিষ্ঠ মানুষ।’রাশেদ খান মেনন বলেন, ‘ছাত্র অবস্থায় যাঁরা আমাদের সমাজ ও রাষ্ট্র চেতনায় উজ্জীবিত হতে অনুপ্রাণিত করেছেন, তাঁদের অন্যতম ছিলেন মোজাফ্ফর আহমদ। তিনি বাংলাদেশে দুর্নীতিবিরোধী আন্দোলন গড়ে তুলতে বিরাট ভূমিকা রেখেছেন।’স্মরণসভায় আরও বক্তব্য দেন মোজাফ্ফর আহমদের সঙ্গে একত্রে অর্থনীতি বিভাগে শিক্ষক হিসেবে যোগদানকারী সৈয়দ মাকসুদ আলী, এ বি এম নুরুল আমিন, হাফিজ জি এ সিদ্দিকী, অধ্যাপক আলী আশরাফ, এম এ রাজ্জাক, মো. মঈনউদ্দিন, এ কে এম শামীম, তরুণ চক্রবর্তী প্রমুখ।