মোজাফ্ফর আহমদের কুলখানি অনুষ্ঠিত
বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদের কুলখানি ও দোয়া মাহফিল গতকাল শুক্রবার বাদ আসর ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়। মাহফিলে দোয়া পরিচালনাকালে মসজিদের ইমাম বলেন, মোজাফ্ফর আহমদ দীর্ঘদিন এই তাকওয়া মসজিদে নামাজ আদায় করেছেন। দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরম করুণাময় আল্লাহর দরবারে মোনাজাত করেন।দোয়া মাহফিলে মোজাফ্ফর আহমদের পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু, গুণগ্রাহী, ছাত্রসহ সমাজের বিশিষ্টজনেরা অংশ নেন। অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস, বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, অধ্যাপক রেহমান সোবহান, ড. কামাল হোসেন, মোহাম্মদ ফরাসউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, অধ্যাপক মোজাফ্ফর আহমদ ২২ মে রাতে ইন্তেকাল করেন।অর্থনীতি সমিতিতে আজ স্মরণসভা: আজ বিকেল চারটায় রাজধানীর ৪/সি ইস্কাটন গার্ডেন সড়কে অবস্থিত বাংলাদেশ অর্থনীতি সমিতির মিলনায়তনে মোজাফ্ফর আহমদ স্মরণে একটি সভা অনুষ্ঠিত হবে।