মোজাফ্ফর জাতের লাল টসটসে লিচু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগান থেকে সংগ্রহ করা লিচু আড়তে স্তূপ করে রাখা হয়েছে। পরে এগুলো ছড়িয়ে যাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। ছবিটি নাটোরের গুরুদাসপুর উপজেলার কানু ব্যাপারীর বটতলা মোকাম থেকে গত শনিবার তোলা l প্রথম আলো
বাগান থেকে সংগ্রহ করা লিচু আড়তে স্তূপ করে রাখা হয়েছে। পরে এগুলো ছড়িয়ে যাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। ছবিটি নাটোরের গুরুদাসপুর উপজেলার কানু ব্যাপারীর বটতলা মোকাম থেকে গত শনিবার তোলা l প্রথম আলো

লাল টসটসে লিচুর স্তূপ। এই লিচু ঘিরে মানুষের জটলা। পাইকারি ক্রেতা-বিক্রেতা ও ফড়িয়াদের হাঁকডাকে কান ঝালাপালা হওয়ার দশা।
এ চিত্র নাটোরের গুরুদাসপুর উপজেলার বেড়ঙ্গারামপুরের কানু ব্যাপারীর বটতলার লিচুর মোকামের। গুরুদাসপুরসহ আশপাশের উপজেলার বাগান থেকে সংগৃহীত লিচু এসে জমা হয় এ মোকামে।
গত শনিবার নাজিরপুর ইউনিয়নের এ মোকামে গিয়ে কয়েক শ ক্রেতা-বিক্রেতার ভিড় দেখা যায়।
লিচু আড়তদার সমিতির সভাপতি মো. সাখাওয়াত হোসেন মোল্লা বলেন, এ মোকামে মোজাফ্ফর জাতের লিচু কেনাবেচা হয়। মোজাফ্ফর জাতের লিচু সবার আগে বাজারে আসে। বৈশাখের শেষ সপ্তাহ থেকে এ লিচু সংগ্রহ শুরু হয়।
সভাপতির তথ্যমতে, এ মোকামে ১৫টি লিচুর আড়ত গড়ে উঠেছে। প্রতিদিন গড়ে ৪০ ট্রাক লিচু ঢাকা, সিলেট, চট্টগ্রাম, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে চলে যায়। প্রতি ট্রাকে থাকে ২০০ ঝুড়ি। এক ঝুড়িতে থাকে ২ হাজার ২০০টি লিচু। প্রতিদিন বেলা দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত এ মোকামে বেচাকেনা চলে। জুনের প্রথম সপ্তাহে সমাপ্তি ঘটবে এ মোকামের। ২০০১ সাল থেকে এ মোকাম বসছে।
মোকামের কয়েকটি আড়ত ঘুরে জানা গেল, প্রতি হাজার লিচু রকমভেদে ১ হাজার ৫০০ টাকা থেকে ২ হাজার ২০০ টাকায় কেনাবেচা হচ্ছে। উন্মুক্ত ডাকে লিচু কিনছেন পাইকার-ফড়িয়ারা। কেনা লিচুগুলো আড়তে স্তূপ করে রাখা হয়। পরে তা ঝুড়িতে করে ট্রাকে তোলা হয়।
সিলেটের বাদামতলি থেকে আসা ‘মা-বাবা ফল ভান্ডার’-এর প্রতিনিধি রফিকুল ইসলাম বলেন, সাত বছর ধরে এ মোকাম থেকে লিচু কিনে তিনি সিলেটে বিক্রি করেন। এ মৌসুমে প্রতিদিন তিনি দেড় থেকে দুই লাখ লিচু কেনেন। আজ (শনিবার) তিনি প্রতি হাজার লিচু আকারভেদে ১ হাজার ৬০০ টাকা থেকে ১ হাজার ৮০০ টাকায় কিনেছেন। আগের বছরের চেয়ে দাম বেশি।
নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন লিচুবাগান ঘুরে দেখা গেছে, গাছে গাছে লাল টসটসে লিচু। লিচুর ভারে ডালপালাগুলো মাটি ছুঁই-ছুঁই অবস্থা। বাগান থেকে লিচু সংগ্রহ করছেন শ্রমিকেরা। সেসব লিচু ঝুড়িতে ভরে নিয়ে যাওয়া হচ্ছে মোকামে।
সালাম মোল্লা, আবদুর রশিদসহ ১০ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার প্রায় ৮০ ভাগ লিচুই নাজিরপুরে হয়। অনুকূল আবহাওয়ার কারণে এ বছর লিচুর ফলন বেশি হয়েছে। লিচুতে দাগ ও ফেটে যাওয়ার হারও অনেক কম। গত বছরের তুলনায় প্রতি হাজারে ২০০ থেকে ৩০০ টাকা বেশি দাম পাওয়া যাচ্ছে। সালাম মোল্লা বলেন, তিনি এক একর জমিতে লিচুর বাগান করেছেন। প্রতি বিঘায় ১২টি করে লিচুগাছ রয়েছে। প্রতিটি গাছে গড়ে পাঁচ হাজার লিচু ধরেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, এ বছর উপজেলার তিন হাজার বিঘা জমিতে ১৫-২০ হাজার মেট্রিক টন লিচু উৎপাদিত হয়েছে। এর বাজারমূল্য প্রায় ২৫-২৭ কোটি টাকা।