তৈরি পোশাক কারখানার মালিক মোজাম্মেল হক (৪৫) হত্যার কারণ সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। তবে নিহতের পরিবার মনে করছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ব্যবসায়িক বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।এদিকে অপর ঘটনায় প্রতিপক্ষ সন্ত্রাসীর সঙ্গে বিরোধে আজিমপুরে ইদ্রিস খুন হয়েছেন বলে জানা গেছে। উত্তরা থানা সূত্র জানায়, পোশাক কারখানার মালিক খুনের ঘটনায় গতকাল শুক্রবার নিহতের ভাই মোশাররফ হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। এতে বলা হয়, তিন লাখ ৪৫ হাজার টাকা নেওয়ার সময় দুর্বৃত্তরা মোজাম্মেল হকের দুই পায়ে গুলি করে হত্যা করে। এজাহারে হত্যার কোনো কারণ উল্লেখ করা হয়নি। মোজাম্মেল গাজীপুরের কোনাবাড়ী এলাকার একটি পোশাক কারখানার মহাব্যবস্থাপক ও অংশীদার। মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা থানার পরিদর্শক আরমান আলী প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, টাকা ছিনিয়ে নেওয়ার জন্যই ছিনতাইকারীরা মোজাম্মেল হককে গুলি করে হত্যা করেছে। তবে কর্মস্থলের দ্বন্দ্বের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কর্মকর্তা বলেন, খুনিদের শনাক্ত করে গ্রেপ্তারে চেষ্টা চলছে। প্রথম আলোর সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে মোজাম্মেলের লাশ তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বানিয়ারসিটে নেওয়া হয়। লাশ দেখে মোজাম্মেলের মা ও স্ত্রী সেলিনা বেগম মূর্ছা যান। জানাজা শেষে বেলা তিনটার দিকে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে উত্তরায় একটি তৈরি পোশাক কারখানার অংশীদার মোজাম্মেল হককে (৪৫) হত্যা করে তাঁর কাছ থেকে প্রায় সাড়ে তিন লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।আজিমপুরে খুন: গত বৃহস্পতিবার রাতে আজিমপুরে সংঘটিত ইদ্রিস আলী খুনের ঘটনায় তাঁর স্ত্রী শেফালী বেগম ওরফে ময়না বাদী হয়ে লালবাগ থানায় একটি হত্যা মামলা করেছেন। এজাহারে কাউকে আসামি করা হয়নি। মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার উপপরিদর্শক আবদুল করিম প্রথম আলোকে জানান, ইদ্রিসের বিরুদ্ধে ধানমন্ডি থানায় ডাকাতি ও অবৈধ অস্ত্র আইনে একটিসহ তিনটি মামলা আছে। ইদ্রিস যাত্রাবাড়ী এলাকায় থাকতেন। জানা গেছে, নিজের দলের সন্ত্রাসীদের সঙ্গে অন্তর্দ্বন্দ্বে তিনি খুন হয়েছেন।