মোজাম্মেলের গ্রেপ্তারে স্রোতার উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী
যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী

যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর গ্রেপ্তারে উদ্বেগ জানিয়েছে সেফ রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যালায়েন্স (স্রোতা)। শনিবার সংগঠনটি এক বিবৃতির মাধ্যমে মোজাম্মেলের নিঃশর্ত মুক্তি দাবি করে।

স্রোতার সমন্বয়ক সাদরুল হাসান মজুমদার প্রেরিত ওই বিবৃতিতে বলা হয়, মোজাম্মেল হককে বিশেষ গোষ্ঠীর স্বার্থ হাসিলের জন্য বিতর্কিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কারণ তিনি নিরাপদ সড়ক ও যাত্রীদের কল্যাণে আন্দোলন করে আসছেন।

বিবৃতিতে বলা হয়, মোজাম্মেল ৩ সেপ্টেম্বর বিকেলে দুলালের (মামলার বাদী) কাছ থেকে চাঁদা নিয়েছিলেন বলে মামলায় যে অভিযোগ করা হয়েছে, তা উদ্বেগজনক। কারণ ইতিমধ্যেই জানা গেছে, ওই দিন বিকেলে তিনি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় একটি রেকর্ডিংয়ে ছিলেন।

বিবৃতিতে স্রোতার আহ্বায়ক ড. হোসাইন জিল্লুর রহমান বলেন, ‘মোজাম্মেল হক চৌধুরীর এ গ্রেপ্তার আমাদের দ্বিধান্বিত করছে, হতোদ্যম করছে। তিনি নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় জনসচেতনতা সৃষ্টির জন্য কাজ করে আসছেন।’ বিবৃতিতে মোজাম্মেলের নিঃশর্ত মুক্তি চাওয়া হয়। পাশাপাশি সড়ক নিরাপদ করতে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য সরকারের প্রতি দাবি জানায় সংগঠনটি।