মোজার ভেতরে দুই কেজি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার যাত্রীর পায়ের মোজার ভেতর থেকে সোনা উদ্ধার হয়েছে। গতকাল বুধবার দুপুরে থাইল্যান্ড থেকে আসা নাজমুল হক বশীর নামের এক যাত্রীর দুই পায়ের মোজার ভেতর থেকে ১৮টি সোনার বার (মোট দুই কেজি) উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকায় আসেন নাজমুল। আগেই খবর পেয়ে বিমানবন্দরের গ্রিন চ্যানেলের সামনে ওই যাত্রীকে তল্লাশি করা হয়। এ সময় তাঁর দুই পায়ের জুতা খোলা হলে দুই মোজার ভেতর প্রতিটিতে ৯টি করে মোট ১৮টি সোনার বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন ১১৬ গ্রাম, সব মিলিয়ে ২ কেজি। উদ্ধার হওয়া সোনার দাম প্রায় ৯০ লাখ টাকা। নাজমুলের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তর সূত্র বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল বলেছেন, তিনিই এই সোনার বারগুলোর মালিক। কর ফাঁকি দিতে মোজার ভেতর লুকিয়ে এনেছিলেন। মালয়েশিয়া থেকে থাইল্যান্ড হয়ে তিনি ঢাকায় আসেন। এর আগে মঙ্গলবার চার্জার লাইটের ব্যাটারির ভেতর থেকে প্রায় দেড় কেজি সোনা উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। এর সঙ্গে জড়িত অভিযোগে শাহাদত মিয়া নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়।