২০০৯-১০ অর্থবছরের তুলনায় এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট বরাদ্দ বেড়েছে। গত বছরের বাজেট ছিল ১৯৮ কোটি ২৩ লাখ টাকার। এবার সেটি বেড়ে হয়েছে ২৩০ কোটি নয় হাজার টাকা। গত বছর মোট বাজেটের ১১ দশমিক ৫৪ শতাংশ বরাদ্দ ছিল শিক্ষা ও গবেষণা খাতে। এবার কমে সেটি হয়েছে ১০ দশমিক ৩৬ শতাংশ। অর্থাৎ এবার ১ দশমিক ১৮ শতাংশ বরাদ্দ কমেছে। ১৩ জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে বাজেট অনুমোদন করা হয়। ২৮ জুন সিনেটের বাজেট অধিবেশনে তা উপস্থাপন করা হবে। বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, বরাবরের মতো এবারও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন খাতে বরাদ্দের বিষয়টিই প্রাধান্য পেয়েছে। এ খাতে ব্যয়বরাদ্দ রাখা হয়েছে মোট বাজেটের ৮০ শতাংশ। শিক্ষাবিদ ও ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করতে হলে অবশ্যই শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে। কমাতে হলে অন্য কোনো খাত থেকে কমানো উচিত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, শিক্ষাসহায়ক খাতে বিশ্ববিদ্যালয়ের ব্যয় প্রতিবছরই কমছে। বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। তবে গবেষণা খাতে বাজেট বরাদ্দের বাইরেও বিভিন্ন খাত থেকে বিশ্ববিদ্যালয় অনুদান পাবে। বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসাব পরিচালক আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, এবারের বাজেটের বেশির ভাগ আসবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুদান থেকে। এ বছর অনুদান হিসেবে বিশ্ববিদ্যালয় ২০৩ কোটি ৭৯ লাখ টাকা পাবে। বাকি টাকা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণভাবে আয় করবে। এ বছর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ২৬ কোটি ৩০ হাজার টাকা। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মীজানুর রহমান মনে করেন, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা শিক্ষাসহায়ক খাতের বাইরে নয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে খাতগুলো আলাদা করে দেওয়া হয়েছে বলে এ বিষয়ে বিভ্রান্তি ছড়ায়। এ বছর শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ কমার কারণ হিসেবে তিনি বলেন, এ বছর পরিবহন খাতে কম ব্যয় দেখানো হয়েছে। এ কারণে এ হার কমে গেছে। তবে সংশোধিত বাজেটে তা বাড়বে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০৯-২০১০ অর্থবছরে নিজস্ব আয়ে বরাদ্দ রাখা হয়েছিল ২০ কোটি টাকা। বছর শেষে তা বেড়ে দাঁড়ায় ২৫ কোটি ৭৫ লাখ টাকায়। এ বছরে নিজস্ব আয়ে বরাদ্দ রাখা হয়েছে ২৬ কোটি ৩০ লাখ টাকা। বাজেট বিশ্লেষণ করে দেখা যায়, এ বছর শিক্ষার্থীদের পরিবহন খাতে বেশি খরচ করতে হবে। ভর্তি পরীক্ষার ফরমের দামও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত অর্থবছরে পরিবহন খাত থেকে আয় হয়েছিল এক কোটি ২০ লাখ টাকা। এ বছর এ খাতে পাঁচ লাখ টাকা বেশি আয় দেখানো হয়েছে। এই টাকা শিক্ষার্থীদেরই গুনতে হবে। ইতিমধ্যে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে পরিবহন ফি ৬৫০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৮০ টাকা করা হয়েছে। তা ছাড়া পরিবহন অবকাঠামো উন্নয়ন ফি ৬০০ থেকে এক হাজার টাকা করার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ভর্তি ফরম বিক্রি, পরিচয়পত্র প্রদান ও ভর্তি পরীক্ষার ফি আদায়ে বরাদ্দ বেশি দেখানো হয়েছে। গত অর্থবছরে এ খাত থেকে ছয় কোটি ৮৫ লাখ টাকা আয় হয়। এ অর্থবছরে এ খাতা থেকে আরও ৩৫ লাখ টাকা বেশি আয়ের কথা বলা হয়েছে।