মোট ৫৪ লাশ উদ্ধার, উদ্ধারকাজ চলবে
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে এমভি-মিরাজ ৪ লঞ্চডুবির ঘটনায় আজ শনিবার দুপুর পর্যন্ত মোট ৫৪টি লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে ৫৩টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুপুরে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের ভেতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। এতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান শামসুজ্জোহা খান, স্থানীয় সাংসদ মৃণাল কান্তি দাশ, জেলা প্রশাসক মো. সাইদুল হাসান, জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এখনো ১২ জন ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে তথ্য রয়েছে। একটি লাশও নিখোঁজ থাকা পর্যন্ত উদ্ধারকাজ চলবে।
তবে স্বজনদের দাবি, এখনো ২০০ জন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ যাত্রীদের কয়েক শ স্বজন এখনো নদীর তীরে অপেক্ষা করছেন। উদ্ধার তত্পরতায় ধীরগতির অভিযোগে তাঁরা বিক্ষোভ করছেন।
উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও দুর্বার মিলে ডুবে যাওয়া লঞ্চটিকে টেনে তীরের কাছে নিয়ে এসেছে।
বৃহস্পতিবার তিন শতাধিক যাত্রী নিয়ে এমভি মিরাজ-৪ নামের যাত্রীবাহী লঞ্চটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৫০ জনের মতো যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। লঞ্চটি বেলা দুইটার দিকে ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের সুরেশ্বরের উদ্দেশে ছেড়ে যায়। পথে বেলা সাড়ে তিনটার দিকে গজারিয়ার ইমামপুর ইউনিয়নের দৌলতপুর কালীপুরা এলাকায় পৌঁছালে লঞ্চটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।