বিএনপির কেন্দ্রীয় নেতা হওয়ায় ইলিয়াস আলী ও মোমিন তালুকদারকে সংবর্ধনা
মোটর-মহড়ায় সড়কে যানজট, জনদুর্ভোগ
বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে বরণ করে নিতে কর্মী-সমর্থকদের দীর্ঘ মোটর-মহড়ায় গতকাল বুধবার ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। একইভাবে বগুড়ার দুপচাঁচিয়া-আদমদীঘি এলাকার সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন তালুকদারকে বরণ করতে প্রায় এক হাজার মোটরসাইকেল ও মাইক্রোবাসের মহড়ায় বগুড়া-সান্তাহার সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। সড়কপথে ঢাকা থেকে গতকাল বিকেল তিনটায় ইলিয়াস আলী ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুরে এসে পৌঁছালে শত শত নেতা-কর্মীর উপস্থিতিতে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় এক পথসভায় বক্তৃতা করেন তিনি। পরে পাঁচ শতাধিক মোটরসাইকেল, মাইক্রোবাস, কার, জিপ ও বাস নিয়ে সিলেট শহরের উদ্দেশে যাত্রা করলে ঢাকা-সিলেট মহাসড়কের পথে পথে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী গাড়িগুলো থমকে দাঁড়ায়। ইলিয়াস আলীর গাড়িবহরের মাঝ দিয়ে বিএনপির নেতা-কর্মী আর সমর্থকদের শত শত গাড়ি প্রায় দুই কিলোমিটার পথ দখল করে নেয়। ইলিয়াস আলী তখন জিপের মধ্যে মাথা উঁচিয়ে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। শোভাযাত্রায় অংশ নেওয়া সব যানবাহনকে একত্র করতে বিকেল তিনটা ১৭ মিনিটে ছাত্র ও যুবদলের নেতা-কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কের কাগজপুর সেতুর ওপর দাঁড়িয়ে যান চলাচল বন্ধ করে দেন। এ সময় উভয় দিকে অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে। প্রায় ১০ মিনিট পর স্বাভাবিক হয় যান চলাচল।গতকাল বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ঢাকা-সিলেট মহসড়কের শেরপুর থেকে দক্ষিণ সুরমার চণ্ডিপুল পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার রাস্তায় চলাচলকারী প্রতিটি গাড়িকে যানজটের কবলে পড়তে হয়েছে। মহাসড়কে গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর, কুরুয়া, নাজিরবাজার, লালাবাজারে গতকাল ছিল তীব্র যানজট। কাগজপুর সেতুতে যানজটে আটকা পড়া প্রাণ কোম্পানির গাড়িচালক তুরন মিয়া বলেন, হঠাত্ করে রাস্তায় দাঁড়িয়ে কয়েকজন গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ায় তাঁদের দাঁড়িয়ে থাকতে হয়েছে। ওসমানীনগর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনহার মিয়া বলেন, গাড়ি ও নেতা-কর্মীর চাপ বেশি ছিল। তবে যানজট বেশিক্ষণ হয়নি। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ বলেন, যানজট ছিল এটা ঠিক। একসঙ্গে এত গাড়ি চললে তো যানজট হবেই।বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের সাংসদ আবদুল মোমিন তালুকদার বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলা বিএনপি যৌথভাবে সংবর্ধনার আয়োজন করে। মোমিন তালুকদারকে এলাকায় সংবর্ধনা দেওয়ার জন্য সকাল থেকেই দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে উপজেলা চত্বরে সমবেত হন। পরে মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে মহড়া দিয়ে কাহালু উপজেলার শেখাহার এলাকায় ফুলের তোড়া দিয়ে দলীয় নেতারা সাংসদ আবদুল মোমিন তালুকদারকে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন দলের নেতা আবদুল হামিদ, হারুন-অর-রশীদ, আবু হোসেন সরকার, আবদুল মোত্তালেব, মোজাম্মেল হক তালুকদার, মোজাহার হোসেন, জামাল উদ্দিন, ইউনুছ আলী সাখিদার, আফছার আলী প্রমুখ। নেতারা কাহালু এলাকা থেকে মোটরসাইকেল ও মাইক্রোবাসযোগে দুপচাঁচিয়া উপজেলার প্রধান রাস্তায় মহড়া দিয়ে আদমদীঘি উপজেলার দিকে রওনা দেন। এ সময় সাংসদ আবদুল মোমিন তালুকদার জিপগাড়িতে দাঁড়িয়ে রাস্তার দুই পাশের উত্সুক জনতাকে হাত নেড়ে অভিনন্দন জানান। আর রাস্তায় আটকে পড়ে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।এ বিষয়ে দুপচাঁচিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হামিদ বলেন, সাংসদ মোমিন তালুকদার কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা স্বতঃস্ফূর্তভাবেই এ সংবর্ধনার আয়োজন করেছেন। এতে মানুষের কষ্ট হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন।