প্রতিপক্ষ পরিবহনশ্রমিক ও পুলিশের ওপর হামলার অভিযোগে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবদুল মজিদের বিরুদ্ধে পৃথক চারটি মামলা হয়েছে। এ ঘটনায় শহরের তাজহাট এলাকায় মজিদের বাড়িতে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার ভোরে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার লোকজনের মধ্যে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলমও রয়েছেন। তিনি মজিদের ভাগনে।
জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে মাছের আড়ত এলাকায় গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে দুটি মোটর শ্রমিক ইউনিয়ন গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। পুলিশ খবর পেয়ে সেখানে যায়। এ সময় মজিদের নেতৃত্বে একটি পক্ষ পুলিশ ও প্রতিপক্ষ শ্রমিকদের ওপর চড়াও হয়। এতে পুলিশের এক সদস্য আহত হন। এরপর পুলিশের বাধায় শ্রমিকেরা সেখান থেকে সটকে পড়েন। এ ঘটনার পর গতকাল ভোর রাতে শহরের তাজহাট এলাকায় অবস্থিত মজিদের বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় তাঁর বাড়ি থেকে আশরাফুল আলমসহ আটজন শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ। অভিযানের সময় মজিদকে পাওয়া যায়নি। তবে এ সময় তাঁর বাড়ি থেকে ২৩টি মোটরসাইকেলও জব্দ করা হয়।
এদিকে গত সোমবার রাতের ঘটনাকে কেন্দ্র করে মজিদের প্রতিপক্ষ গ্রুপ শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাদিবুজ্জামান শাহীন বাদী হয়ে মজিদকে প্রধান আসামি করে আটজনের নামে মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলার অভিযোগে উপপরিদর্শক (এসআই) রায়হান বাদী হয়ে মজিদকে প্রধান আসামি করে আটজনের নামে মামলা করেন। আর আওয়ামী মোটরচালক লীগের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায় বাদী হয়ে আরও দুটি পৃথক মামলা করেন। সেখানেও প্রধান আসামি মজিদসহ আটজন।
এসআই রায়হানের দায়ের করা মামলায় বলা হয়, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও তাঁর জামাইকে মারধরের খবর পেয়ে তাঁর (রায়হান) নেতৃত্বে পুলিশ সেখানে যায়। পুলিশ আহত শ্রমিক হিমুকে ভ্যানে করে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এ সময় কথা-কাটাকাটির এক পর্যায়ে মজিদের নেতৃত্বে তাঁর লোকজন পুলিশের ওপর হামলা চালান। এতে তিনি (রায়হান) আহত হন।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত মজিদের মুঠোফোনে ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। তাই এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম বলেন, গত সোমবার রাতে হামলার পর ভোরের দিকে মজিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মজিদকে বাড়িতে পাওয়া না গেলেও বাড়ির উঠান থেকে ২৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় মজিদের ভাগনে আশরাফুলসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।