মোটরবাইকের ধাক্কায় যুবকের মৃত্যু
যাত্রাবাড়ীতে গতকাল শুক্রবার সেলফি তুলতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আনোয়ার হোসেন (২২) নামের এক যুবক মারা গেছেন।
আনোয়ারের বন্ধু মেহেদী জানান, আনোয়ারসহ তাঁরা চারজন বন্ধু সন্ধ্যায় দক্ষিণ খানের ফায়দাবাদ থেকে দুটি মোটরসাইকেলে যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ঘুরতে যান। ফ্লাইওভারের দোলাইরপাড় প্রান্তে গিয়ে তাঁরা মোটরসাইকেল থামিয়ে সেলফি তুলছিলেন। এ সময় অপর একটি দ্রুতগতির মোটরসাইকেল আনোয়ারকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিকদের এসব তথ্য দেওয়ার সময় জরুরি বিভাগে রুবেল ও শামীম নামের দুই যুবক চিকিৎসা নিতে আসেন। তখন আনোয়ারের বন্ধু মেহেদী তাঁদের দেখে চিৎকার করে বলতে থাকেন, এরাই আনোয়ারকে ধাক্কা মেরেছে।
তবে রুবেল ও শামীম পুলিশের নজরদারিতে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আনোয়ার হোসেন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।