
চালকদের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সরকারের নজরদারি বাড়ানো, দুর্নীতি বন্ধ এবং মোটরযান আইন সংশোধনের দাবি জানানো হয়েছে মিরসরাই ট্র্যাজেডির স্মরণসভায়। গতকাল শনিবার মিরসরাইয়ে দিনব্যাপী নানা আয়োজনে বক্তারা বলেছেন, আইনের কঠোর প্রয়োগ ও সর্বোচ্চ শাস্তির বিধান না থাকায় চালকেরা বেপরোয়া গতিতে গাড়ি চালান। এতে দুর্ঘটনায় অকালে ঝরে পড়ছে অনেক সম্ভাবনাময় প্রাণ।
২০১১ সালের ১১ জুলাই মিরসরাইয়ের বড়তাকিয়া-আবুতোরাব সড়কের সৈদালী এলাকায় ট্রাক রাস্তার পাশের ডোবায় পড়ে ৪২ শিক্ষার্থীসহ ৪৪ জন নিহত হয়। ছাত্ররা খেলা দেখে ওই ট্রাকে করে বাড়ি ফিরছিল। ওই ঘটনায় শুধু আবুতোরাব উচ্চবিদ্যালয়েরই ৩৪ জন শিক্ষার্থী মারা যায়।
সকালে আবুতোরাব উচ্চবিদ্যালয়ে কোরআনখানি, শোক র্যা লির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। সাংবাদিকদের তিনি বলেন, মোটরযান আইন অনেক পুরোনো। চালকের অবহেলার কারণে দুর্ঘটনা ঘটলে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে মোটরযান আইন সংশোধনের জন্য জাতীয় সংসদে প্রস্তাব তোলা হবে। তিনি বলেন, নিহত স্কুলছাত্রদের স্মরণে স্কুল প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভ ‘আবেগ’ নির্মিত হয়েছে। দুর্ঘটনাস্থলে স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’ নির্মাণে ৩৫ লাখ টাকা বরাদ্দ হয়েছে। শিগগিরই এর কাজ শুরু হবে।
বিকেলে আবুতোরাব উচ্চবিদ্যালয়ে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দীন চৌধুরী। তিনি বলেন, আর কোনো সম্ভাবনাকে যাতে হারাতে না হয়। অদক্ষ চালকদের যারা লাইসেন্স দিচ্ছে, তারাও দুর্নীতির সঙ্গে জড়িত। লাইসেন্স প্রক্রিয়ায় যাতে দুর্নীতি না হয় সেদিকে দৃষ্টি দিতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
আবুতোরাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেক বলেন, শ্রেণিকক্ষে ঢুকলেই নিহত ছাত্রদের চেহারা মনে ভেসে ওঠে। এ ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে সে জন্য সবাইকে সচেতন হতে হবে।
দুর্ঘটনার মামলার বাদী মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী বলেন, এত বড় দুর্ঘটনার পরও চালকের মাত্র পাঁচ বছর সাজা হয়েছে। একজন খুন হলেও অপরাধীর সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। কিন্তু মোটরযান আইনের দুর্বলতার কারণে দুর্ঘটনার পরও চালকেরা পার পেয়ে যাচ্ছে। এই আইন মেনে নেওয়া যায় না।
অনুষ্ঠানে মিরসরাইয়ের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন শাহীন, উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য নুরুল হুদা, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেনসহ নিহত ব্যক্তিদের স্বজন ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল।