মোটরযান ও ট্রেন চলাচলসহ তিন চুক্তি নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্ক শীর্ষ সম্মেলনের এবারের প্রতিপাদ্য এ অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির জন্য ‘নিবিড় সংহতি’। অথচ একাধিক সদস্য দেশের ভিন্নমতের কারণে সার্ক মোটরযান ও ট্রেন চলাচল চুক্তির পাশাপাশি বিদ্যুৎ খাতে সহযোগিতার তিনটি চুক্তি সই নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বহুমাত্রিক যোগাযোগ নেটওয়ার্ক আর জ্বালানি সহযোগিতার এ তিন চুক্তি সই না হলে ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলনের এবারের প্রতিপাদ্য। 
গতকাল রোববার নেপালের রাজধানী কাঠমান্ডুর সলটি হোটেলে সার্ক পররাষ্ট্রসচিবদের প্রথম দিনের বৈঠক শেষে জানা গেছে, এবারের শীর্ষ সম্মেলনে মোটরযান, ট্রেন চলাচল ও বিদ্যুৎ খাতে সহযোগিতার তিনটি রূপরেখা চুক্তি সইয়ের কথা ছিল। কিন্তু বাংলাদেশ ও নেপাল ছাড়া অন্য সদস্য দেশগুলো চুক্তি সইয়ের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করেনি। এ ছাড়া মোটরযান ও রেলচুক্তির পাশাপাশি বিদ্যুৎ নিয়ে চুক্তির বিষয়ে কয়েকটি দেশ আরও কিছুটা সময় নিতে আগ্রহী। এর ফলে আপাতত সার্ক দেশগুলোর মধ্যে যান চলাচল চালু হচ্ছে না।
এদিকে দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থায় (সার্ক) পর্যবেক্ষকদের ভূমিকা দৃশ্যমান করার ব্যাপারে গতকাল আলোচনা হয়েছে। জ্বালানি, যোগাযোগ, কৃষি, পরিবেশসহ বেশ কয়েকটি খাতে তাদের সক্রিয় অংশগ্রহণের কথা আলোচনায় এসেছে।
পররাষ্ট্রসচিবদের প্রথম দিনের বৈঠকের পর বাংলাদেশ প্রতিনিধিদলের এক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, দক্ষিণ এশিয়ায় পৃথক অর্থনৈতিক ইউনিয়ন প্রতিষ্ঠার লক্ষ্যে খুব একটা অগ্রগতি হচ্ছে না এবারের শীর্ষ সম্মেলনের পর। কারণ, সঠিক কর্মপরিকল্পনা করে সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সদস্য দেশগুলো এখনো অন্য অঞ্চলের চেয়ে পিছিয়ে রয়েছে।
সর্বশেষ সার্ক শীর্ষ সম্মেলনের স্বাগতিক দেশ মালদ্বীপের প্রতিনিধিদলের নেতা ও পররাষ্ট্রসচিব আলী নাসির মোহাম্মদের সভাপতিত্বে গতকাল স্ট্যান্ডিং কমিটির বৈঠক শুরু হয়। এরপর সার্কের রীতি অনুযায়ী বর্তমান সম্মেলনের স্বাগতিক দেশ নেপালের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব শংকর দাসকে স্ট্যান্ডিং কমিটির সভাপতি নির্বাচন করা হয়। এরপর তিনি সভাপতির দায়িত্ব নিয়ে বৈঠক পরিচালনা করেন।
বৈঠক শেষে গতকাল সন্ধ্যায় পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক সাংবাদিকদের বলেন, বৈঠকে মোটরযান চুক্তি, আঞ্চলিক রেলওয়ে চুক্তি ও বিদ্যুৎ খাতে সহযোগিতাবিষয়ক কাঠামো চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। কয়েকটি দেশ চুক্তির জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ¯প্রক্রিয়া শেষ করতে পারেনি। ফলে এ তিনটি চুক্তিই সইয়ের ব্যাপারে একটু দূরত্ব তৈরি হয়েছে। এগুলো যে করা দরকার, তা নিয়ে কারও দ্বিমত নেই। কিন্তু তাদের প্রক্রিয়া যেহেতু শেষ হয়নি, সে জন্য চুক্তিগুলো হয়তো এবার সই না-ও হতে পারে।
শহীদুল হক বলেন, ‘আমাদের আলোচনায় এসেছে যে সার্কের অনেক সিদ্ধান্ত হলেও এর বাস্তবায়ন-প্রক্রিয়া অনেক দুর্বল। বাস্তবায়ন-প্রক্রিয়া জোরদার করার বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। এ জন্য সার্কের সদস্য দেশগুলোর রাজনৈতিক অঙ্গীকার ও সার্ক সচিবালয়ের সক্ষমতা থাকতে হবে। দেশপর্যায়ে সক্ষমতারম পাশাপাশি সার্ক সচিবালয়ের সক্ষমতাও থাকতে হবে। অন্যান্য আসিয়ান বা ইইর তুলনায় সার্কের সক্ষমতা দেখলে মনে হয়, আমরা বেশ পিছিয়ে আছি। এটিও আলোচনার মধ্যে ফুটে উঠেছে।’
জানা গেছে, দক্ষিণ এশিয়ায় শুধু ভৌতকাঠামো নয়, সব ধরনের যোগাযোগের বিষয়টি গতকালের আলোচনায় প্রাধান্য পেয়েছে। একই সঙ্গে কাঠমান্ডু ঘোষণার খসড়ায় আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি সার্কের মূল স্তম্ভ বাণিজ্য ও বিনিয়োগ, যা অর্থনৈতিক সমন্বয়ের বড় উপাদান, সেটি প্রাধান্য পাচ্ছে। একই সঙ্গে সামাজিক বিভিন্ন ইস্যু, জলবায়ু পরিবর্তন, সামাজিক অগ্রগতির বিভিন্ন ইস্যু যেমন শিক্ষা, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্যকেও প্রাধান্য দেওয়া হচ্ছে।
কাঠমান্ডুর বাইরে যাবেন না মোদি: এদিকে নেপালের সীতার জন্মস্থান জনকপুর সফর নিয়ে সৃষ্ট বিতর্কের মুখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাঠমান্ডুর বাইরে কোথাও যাবেন না।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন গতকাল জানান, ভারতে পূর্বনির্ধারিত সফরসূচি ও অনিবার্য অঙ্গীকারের কারণে মোদি কেবল কাঠমান্ডু সফর করবেন। তিনি আরও জানান, নরেন্দ্র মোদি ভারত-নেপাল সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করেন। তিনি যত দ্রুত সম্ভব শিগগিরই আরেকটি সফরে নেপালে গিয়ে অন্যান্য স্থান সফরের অপেক্ষায় আছেন।