মোটরযান মেকানিক পেশাকেও স্বীকৃতি দেওয়া দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাবন্ধিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, মোটরযান মেকানিক পেশায় নিয়োজিত বিশাল জনগোষ্ঠীকে নিয়ে কেউ ভাবেন না। অথচ এই মোটরযান মেকাররাই দেশের অর্থনীতি ও উৎপাদনের চালিকাশক্তিকে সচল রাখতে অক্লান্ত পরিশ্রম ও অবদান রেখে চলেছেন। তাই তাঁদের নিয়ে ভাবা দরকার। অন্য সব পেশার পাশাপাশি মোটরযান মেকানিক পেশাকেও স্বীকৃতি দেওয়া দরকার। গতকাল শুক্রবার সকালে রাজধানীর অদূরে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ মোটরযান মেকানিক ফেডারেশনের জাতীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আমাদের সচল রাখতে যাঁরা শরীরে নোংরা কালি ও মবিল লাগাতে দ্বিধা বোধ করেন না, তাঁদের জন্য আমরা কিছুই করতে পারি না। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যাঁরা দুর্ঘটনার শিকার হচ্ছেন, তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি চিকিৎসার ব্যবস্থা করাসহ অন্যান্য স্বাস্থ্যঝুঁকির ব্যাপারে সরকারের এগিয়ে আসা দরকার।’ বাংলাদেশ মোটরযান মেকানিক ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই কর্মশালায় মেকানিকদের পেশাগত উৎকর্ষ সাধন, সমস্যা ও সমাধানের উপায় নিয়ে আরও বক্তব্য দেন সমকাল পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আবু সাইদ খান, মোটরযান মেকানিক ফেডারেশনের উপদেষ্টা রাজেকুজ্জামান এবং আ ক ম জহিরুল ইসলাম।