মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আজ বুধবার বিকেলে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। সরাইল উপজেলার কালীকচ্ছ এলাকায় সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, মুসলিম উদ্দিন (২৫) ও শাহিন মিয়া (২৫)। তাঁরা দুজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন। তাঁদের বাড়ি সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে। সম্পর্কে দুজন চাচাতো ভাই।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, মুসলিম উদ্দিন মধ্যপ্রাচ্যে থাকছেন। ১০ থেকে ১২ দিন আগে তিনি দেশে এসেছেন। আজ বিকেলে চাচাতো ভাই শাহিন মিয়ার মোটরসাইকেলে করে তিনি সরাইলের কালীকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামে বিয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছিলেন। কালীকচ্ছ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মুসলিম উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। ভাই শাহিন মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মারা যান তিনি।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।