মোটরসাইকেল আরোহী তিন তরুণ গুরুতর আহত
বরগুনার পাথরঘাটায় মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত তিনজন হলেন মো. মহিবুল্লাহ (২১), মো. হাসিব (২০), মো. হাসান (২৬)। তাঁদের বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের হাঁড়িটানা ও বাদুড়তলা গ্রামে।
প্রত্যক্ষদর্শী মিরাজ পহলান প্রথম আলোকে বলেন, পাথরঘাটা হাসপাতাল সড়কের কোস্টগার্ড কার্যালয়ের সামনে চেরাই কাঠবোঝাই টমটম বাদুড়তলা গ্রামে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে তিনজন তরুণ দ্রুতগতিতে পাথরঘাটা শহরে আসছিলেন। এ সময় অপেক্ষমাণ টমটমের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় টমটমে কোনো বাতি ছিল না। সংঘর্ষের পর তরুণদের আর্তনাদ শুনে আশপাশের লোকজন ওই তিনজনকে পাথরঘাটা হাসপাতালে নেয়।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আনোয়ার উল্লাহ ও উপল সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, মহিবুল্লাহর ডান পায়ের হাড় বিচ্ছিন্ন হয়েছে ও ডান হাত ভেঙে গেছে। হাসিবের ডান হাঁটু ও ডান হাত ভেঙেছে এবং হাসানের ডান পা ও বাঁ হাত ভেঙেছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা ও রক্ত দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।