মোটরসাইকেল আরোহী দুই ভাইকে চাপা দিল বাস, একজন নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অবস্থিত কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) একটি জুতার কারখানায় যাওয়ার পথে বাসের চাপায় পারভেজ উদ্দিন শাহ (২৪) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর ছোট ভাই রায়হান উদ্দিন শাহ (১৮)।

আজ সোমবার সকাল সাড়ে সাতটায় কারখানার ২ নম্বর ফটকে এ দুর্ঘটনা ঘটে। পারভেজ বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক শাহবাড়ির মো. আনোয়ার হোসেন শাহের বড় ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আজ সোমবার সকালে কেইপিজেডের ভেতরে জুতার কারখানায় প্রবেশের আগমুহূর্তে একটি বাস মোটরসাইকেলে থাকা ওই দুই ভাইকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। উপস্থিত শ্রমিকেরা আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত রায়হানকে সেখানে ভর্তি করা হয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শ্রমিকদের নামিয়ে দিয়ে বাসটি দ্রুতগতিতে কেইপিজেড থেকে বের হওয়ার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনার পরপরই পালিয়ে যান বাসের চালক ও সহকারী।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘বাসের ধাক্কায় শ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে আমরা সেখানে গিয়ে গাড়ি দুটি জব্দ করেছি। তবে পালিয়ে গেছেন বাসের চালক ও সহকারী।’