মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর উপজেলার অনির্বাণ ম্যাচ ফ্যাক্টরির সামনে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় ওহাব খান (৪৫) নামের মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। ওহাব খান সৈয়দপুর পৌর এলাকার মুন্সিপাড়ার বাসিন্দা। তিনি তিন মাসের ছুটিতে সৌদি আরব থেকে দেশে এসেছেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে সৈয়দপুর-নীলফামারী মহাসড়কের অনির্বাণ ম্যাচ ফ্যাক্টরির সামনে বিপরীত দিক থেকে আসা আমানত শাহ নামের একটি মিনিবাসের সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী ওহাব খান নিহত হন।
সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।