মোটরসাইকেল উল্টে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল কায়েস (৪৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান (৪৮)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব-উল আলম জানান, গত মঙ্গলবার রাতে নাজমুল ও মঈন উদ্দিন কয়েকজন বন্ধু মিলে যমুনা নদীর হার্ড পয়েন্টে বেড়াতে যান। রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে ফেরার পথে শহরের ধানবান্ধিতে তাঁরা দুর্ঘটনার শিকার হন। মোটরসাইকেলটি উল্টে গেলে নাজমুল মাথায় গুরুতর আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে বগুড়ায় ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। আহত মঈন উদ্দিন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন। নাজমুল সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও শহরের সয়াধানগড়া নতুনপাড়া মহল্লার শহীদ মাস্টারের ছেলে।