মোটরসাইকেল উল্টে স্কুলছাত্র নিহত
রাজধানীর মেয়র হানিফ (গুলিস্তান-যাত্রাবাড়ী) উড়ালসড়কে গতকাল শুক্রবার মোটরসাইকেল দুর্ঘটনায় আজিজুর রহমান সাদ (১৬) নামের এক স্কুলছাত্র মারা গেছে। একই ঘটনায় আহত হয়েছে ওই মোটরসাইকেলের অপর দুই আরোহী সাগর ও ফাহিম। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আজিজুর ওয়ারীর একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, রাত নয়টার দিকে ওই তিনজন একটি মোটরসাইকেলে হানিফ উড়ালসড়ক দিয়ে যাচ্ছিল। উড়ালসড়কের গোলাপবাগ প্রান্ত দিয়ে নামার সময় মোটরসাইকেলটি উল্টে গেলে তিনজনই সড়কে ছিটকে পড়ে। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজিজুরকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন বাবা ইজহারুল হক। আজিজুরের বাসা নবাবপুরের মহাজনপুর লেনে।
যাত্রাবাড়ী থানার এসআই মনোজ প্রভাকর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।