মোটরসাইকেল ও টমটমের মুখোমুখি সংঘর্ষে আহত ১০
কক্সবাজারের টেকনাফে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত টমটমের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার হ্নীলা বালিকা বিদ্যালয়ের সামনে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল দুপুরে টেকনাফ থেকে তিনজন আরোহী নিয়ে মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে কক্সবাজারের দিকে যাওয়ার সময় অপরদিক থেকে আসা ব্যাটারিচালিত টমটমের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল ও টমটম দুমড়েমুচড়ে যায়। এতে মো. ইদ্রিস (৪২), কবির হোছন (৬০), সোনা মিয়া (৪২), আলী হোছন (২১), মো. জাবেদ (১১), রায়হান (১০), তাসলিমা (৭), মোটরসাইকেল আরোহী মো. কাইয়ুম (৩০), জেসমিন আকতার (২০) ও সেলিম উল্লাহ (১৫)। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে উপস্বাস্থ্যকেন্দ্র নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়। টেকনাফ মডেল থানার ওসির দায়িত্বে থাকা উপপরিদর্শক শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।