মোটরসাইকেল ও পাঁচটি ট্রান্সফরমার চুরি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গত দুই দিনে পল্লী বিদ্যুতের পাঁচটি ট্রান্সফরমার এবং একটি মোটরসাইকেল চুরি হয়েছে। ট্রান্সফরমার চুরি হওয়ায় বুলাকীপুর এবং ঝাপড়া মহল্লার প্রায় ৫০ জন গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে রায়গঞ্জ পৌরসভার রনতিথা এলাকার আবদুস সালামের করাতকলের সামনে থেকে একটি ও ধানগড়া ইউনিয়নের বুলাকীপুর গ্রামের ইসমাইল হোসেনের বাড়ির সামনে থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। এ ছাড়া বৃহস্পতিবার রাতে ঝাপড়া মহল্লার আক্তার হোসেনের চাতালের সামনে থেকে দুটি এবং মহল্লার ওসমান আলীর বাড়ির সামনে থেকে একটি ট্রান্সফরমারচোরেরা চুরি করে নিয়ে যায়। একই রাতে পৌরসভার বাগানবাড়ি মহল্লার কাওসার আলীর ঘরের টিনের বেড়া কেটে একটি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান বলেন,চুরি প্রতিরোধে পুলিশের টহল বাড়ানো হচ্ছে।