মোটরসাইকেল চালককে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
বগুড়ার শেরপুরে মোটরসাইকেলের চালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া মোটরসাইকেলটিও। গ্রেপ্তারকৃতরা হলেন: শেরপুরের সাতারা চকরাজিব গ্রামের কাজল ইসলাম, পাবনার আতাইকুলা থানার চরমপুর পশ্চিমপাড়া গ্রামের শুকুর আলী, দাঁতিয়া গ্রামের জবদুল শেখ ও বেড়া থানার রাজনারায়ণপুর গ্রামের মোতাচ্ছেম হোসেন ওরফে লাবলু।গতকাল বুধবার গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। বগুড়ার জ্যেষ্ঠ বিচারক হাকিম আদালতের ম্যাজিস্ট্রেট বেগম সাবিনা ইয়াসমিন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্ত কর্মকর্তা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের ভাষ্যমতে, সোমবার রাত ১০টায় প্রথমে কাজলকে গ্রেপ্তার করা হয়। তিনি স্বীকার করেন, গত ২৯ সেপ্টেম্বর তিনিসহ গ্রেপ্তার হওয়া অন্যরা মোটরসাইকেলচালক আলাউদ্দিনকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেন।