মোটরসাইকেল চুরি বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মোটরসাইকেল চুরি বন্ধের দাবিতে গতকাল রোববার মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলা নাগরিক কমিটি ও শহর ক্লাব। একই উপজেলায় জুয়া বন্ধের দাবিতে জাসদ ছাত্রলীগ বিক্ষোভ করেছে।
অন্যদিকে সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে পদচারী সেতু নির্মাণের দাবিতে একই দিন মানববন্ধন করেছে শাজাহানপুর উপজেলা নাগরিক কমিটি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নন্দীগ্রাম উপজেলায় দিনদুপুরে মোটরসাইকেল চুরি আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় গতকাল দুপুর ১২টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে যৌথভাবে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে নাগরিক কমিটি ও শহর ক্লাব। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক কমিটির সভাপতি আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামছুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাংবাদিক সংস্থার সভাপতি জুলফিকার আলী, জেলা জাসদ নেতা জিয়াউল হক, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক বকুল হোসেন প্রমুখ বক্তব্য দেন।
এদিকে উপজেলার বিভিন্ন স্থানে জুয়ার আসর বসানোর প্রতিবাদে জাসদ ছাত্রলীগ একই সময় বিক্ষোভ করে।
শাজাহানপুর উপজেলা সদরের কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে সড়ক দুর্ঘটনা রোধে মানববন্ধন করেছে নাগরিক কমিটি। উপজেলা সদরের এই মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমাবেশ থেকে মহাসড়কে পদচারী সেতু নির্মাণের দাবি জানানো হয়। এতে বক্তব্য দেন মাঝিড়া ইউপির চেয়ারম্যান আবদুস সালাম, মুক্তিযোদ্ধা মাকসুদ আলী প্রমুখ।