মোটরসাইকেল চুরির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
মোটরসাইকেল চুরির একটি মামলায় মুন্সিগঞ্জের শ্রীনগর ছাত্রলীগের পাভেল মোল্লাকে গ্রেপ্তার করেছে গুলশান থানার পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় শ্রীনগরের বেজগাঁও থেকে পাভেলকে গ্রেপ্তার করা হয়। তিনি শ্রীনগর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি।
মুন্সিগঞ্জ-১ আসনের সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ পাভেলকে ছেড়ে দিতে পুলিশকে চাপ দিয়েছিলেন বলে অভিযোগ করেছে গুলশান থানার পুলিশ। জানতে চাইলে গতকাল রাতে সাংসদ সুকুমার ঘোষ প্রথম আলোকে বলেন, তিনি পাভেলকে আটক করার শুধু কারণ জানতে চেয়েছিলেন। তাঁকে ছেড়ে দিতে চাপ দেননি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শ্রীনগর কলেজ শাখায় ছাত্রলীগের দুটি কমিটি রয়েছে। একটি কমিটি কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে ঘোষণা করা হলেও গ্রেপ্তার করা পাভেল বিদ্রোহী কমিটির সভাপতি।
গুলশান থানার পুলিশ বলেছে, ৬ নভেম্বর গুলশান-১-এর কনকর্ড প্লাজার সামনে থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। ওই ঘটনায় মোটরসাইকেলের মালিক রিয়াজ উদ্দিন চৌধুরী বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।