মোটরসাইকেল চুরির মামলায় ছাত্রলীগের নেতা গ্রেপ্তার!
মোটরসাইকেল চুরির মামলায় পুলিশ বাজিতপুর উপজেলা ছাত্রলীগের নেতা শরীফুল ইসলামকে বাজিতপুর বাজার থেকে গ্রেপ্তার করে শনিবার কিশোরগঞ্জ আদালতে পাঠিয়েছে। জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদের ইমাম রফিকুল ইসলামের মোটরসাইকেলটি নিয়ে তাঁর ছোট ভাই আজিজুল ইসলাম শুক্রবার রাতে বাজিতপুর বাজারে যান। পরে মোটরসাইকেলটি এক জায়গায় রেখে তিনি ঝালমুড়ি খেতে যান। ফিরে এসে দেখেন সেটি নেই। ঘটনার খবর পেয়ে থানার পুলিশ বাজারে এসে একটি তেল-মবিলের দোকান থেকে মোটরসাইকেলটিসহ ছাত্রলীগের নেতা শরীফুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। মোটরসাইকেলের মালিক রফিকুল ইসলাম শনিবার সকালে শরীফুল ইসলাম ও লিটনসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন। মামলার বিবরণে উল্লেখ করা হয়, মোটরসাইকেলটি খোঁজাখুঁজির সময় শরীফুল এসে তাঁকে বলেন, আপনি আমাকে ১০ হাজার টাকা দেন। রাত ১২টার মধ্যে আপনাকে মোটরসাইকেলের সন্ধান দেব। বাজিতপুর বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম ঘটনার নিন্দা জানিয়ে বলেন, বাজারে ইদানীং চুরি বেড়ে গেছে। তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের উপযুক্ত বিচার দাবি করেন। বাজিতপুর থানার এসআই ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছাত্রলীগের ওই নেতার বিরুদ্ধে চুরিসহ থানায় একাধিক মামলা রয়েছে।